ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকল শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বুয়েটের তথ্য ও প্রকাশনা শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. শফিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু রোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে বোমাবর্ষণ, অনাহারে রাখা ও নিশ্চিহ্ন করার সময় আমরা নীরব থাকতে পারি না। এর প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব।’
এদিকে ওইদিন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয়। বেলা ১১টার দিকে বুয়েট ২০ ব্যাচের নেতৃত্বে বুয়েট শহিদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) অধ্যাপক ও উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ‘এ ধ্বংসস্তূপ থেকে স্বাধীন প্যালেস্টাইন দাঁড়াবে, সেই দাঁড়ানোটিই এ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পতনের মধ্য দিয়ে সূচনা হবে। সেই চিন্তাটি মাথায় রেখেই বাংলাদেশের তরুণদের নিজেদের জীবনকে সাজাতে হবে।’
আরিফ/তাওফিক/




