ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল।
বুধবার (১৬ এপ্রিল) এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবারের আসরে ১১ দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ‘প্রথম ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট-২০২৫’ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।
ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক কুইজ ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি আয়োজকদের।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই দেশের মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক কুইজ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এটি বাংলাদেশের কুইজ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।’
দেশের বাইরের অংশগ্রহণকারীদের সম্পর্কে কুইজ সোসাইটির যোগাযোগ সম্পাদক মুসাররাত তাইয়্যেবা মুসকান বলেন, ‘ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ফিলিপাইনসহ মোট ১১টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বিদেশি কুইজাররা ভার্চুয়ালি প্রতিযোগিতায় যুক্ত হবেন।’
অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনের পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এবং একক রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে অন্তঃ ও আন্তঃবিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। সেই সঙ্গে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান মুস্তফা রাফিদ, ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক জয়নব আরা পাপড়ি এবং উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মাইনুর জান্নাত রাবিনা।
ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’।
২০১৫ সালে প্রতিষ্ঠিত টিএসসিভিত্তিক সংগঠন ডিইউকিউএস কুইজের দ্বারা জ্ঞানচর্চাকে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্ঞানচর্চার সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল।


