জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি, সি, ডি এবং ই ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি আগামীকাল রবিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হবে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল দুপুর ১২টা থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের https://jnuadmission.com ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়া শিক্ষার্থীদের ২৭ এপ্রিল থেকে ৬ মে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিভাগীয় কনফারমেশন স্লিপ সংগ্রহ করতে হবে।
জানা যায়, বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ব্যবহারিক ক্লাসসহ ভর্তির জন্য ১২ হাজার ৪৩০ টাকা এবং বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তির জন্য ১০ হাজার ৪৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটগুলোতে ভর্তির জন্য ১০ হাজার ৪৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদ ব্যবহারিক ক্লাসসহ ভর্তির জন্য ১২ হাজার ৪৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।




