প্রতিষ্ঠার দীর্ঘ এক যুগ পরও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। দীর্ঘদিনেও স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়ায় অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে নগরীর রূপসা সেতু বাইপাস সড়কের পাশে লবণচরা এলাকায় স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কেনা হয়েছে জানিয়ে ক্যাম্পাস নির্মাণের জন্য সময় বৃদ্ধির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি’ ২০১২ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ছয়টি বিভাগের অধীনে এখানে প্রায় ২ হাজার ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করে। শুরুতে এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। একই সঙ্গে তার স্ত্রী হাবিবুন নাহারসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশনের ঠিকাদার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। এই ট্রাস্টি বোর্ডের অধীনে লবণচরা এলাকায় জমি কেনার পর স্থায়ী ক্যাম্পাসে ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আসে। এর জের ধরে বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে বাদ দেওয়া হয়। সেই সঙ্গে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভবন নির্মাণের দরপত্রও বাতিল করা হয়।
এদিকে বাড়ি ভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করা খুলনার নর্থ ওয়েস্টার্নসহ ১৬টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে না পারায় ৮ এপ্রিল এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ব্যবস্থা নিতে বলা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) এএসএম কাসেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর না করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হলো।’
এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, শত শত কোটি টাকা আয় করেও স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে না পারা ট্রাস্টি বোর্ডের ব্যর্থতা। এর তদন্ত হওয়া উচিত। তারা বলেন, ভর্তি ফিসহ বিভিন্ন খাতে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেছে। কিন্তু এক যুগেও তারা স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে পারেনি। মূলত শর্ত লঙ্ঘন করে বছরের পর বছর ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করায় শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। অভিযোগ রয়েছে, ভর্তি ফিসহ যেকোনো খাতে টাকা বাকি থাকলে নানাভাবে চাপ দিয়ে পরিশোধে বাধ্য করা হয়। অথচ এক যুগেও স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শেখ মো. এনায়েতুল বাহার বলেন, ‘রূপসা সেতু সড়কের লবণচরা থানার পাশে আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কেনা রয়েছে। নতুন ক্যাম্পাসের ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ত্রুটির কারণে দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে।’


