বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর পুনরায় ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক।
বুধবার (১৮ জুন) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি-সহ চার দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হাইকোর্টের আপিল বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট বাতিল করেছে। এর আগে সরকার একাধিকবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নিলে তা শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে। শেষে হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়ে যায়। কিন্তু হাইকোর্টের আপিল বিভাগ সর্বশেষ কর আরোপের সিদ্ধান্ত বহালের যে রায় দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই রায় সরাসরি শিক্ষার অধিকার এবং ছাত্রস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। এটি শিক্ষার বাণিজ্যিকীকরণকে আরও ত্বরান্বিত করবে।’
মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে আরও বেশি বঞ্চিত হবে উল্লেখ করে তারা বলেন, ‘১৫ শতাংশ কর আদায় করা হবে এর প্রভাব সরাসরি শিক্ষার্থীদের ওপর পড়বে না। কিন্তু বাস্তবতা হলো, এই করের টাকা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করবে। ফলে শিক্ষার খরচ আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে। এমনিতেই পর্যাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাবে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে বাধ্য হয়। নতুনভাবে কর আরোপ করলে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরাও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে আরও বেশি বঞ্চিত হবে।’
মানববন্ধনে অবিলম্বে ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের আহ্বান করেন, তা না হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি সরকারের নিকট চার দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো- অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল ও শিক্ষার ওপর কোনো কর আরোপ না করা; বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান কীভাবে মুনাফা করে তার তদন্ত করতে হবে। এই অবৈধ আয় বাজেয়াপ্ত করতে হবে। শিক্ষার্থীদের টিউশন ফি কমানো; বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে এই নীতিমালা প্রণয়নে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান এবং উচ্চশিক্ষার শর্ত পূরণে ইউজিসি ও সরকারের কার্যকর ভূমিকা পালন।
মানববন্ধনে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্কের সংগঠক লিয়াকত আলী লিটনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাসফীরুল কাব্য, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্কের সংগঠক ও রবীন্দ্র শ্রীজনকলার শিক্ষার্থী তারমিন আহমেদ তিশা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগঠক ইব্রাহিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক আব্দুল্লাহ আল নিশাত, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলায়েন্সের সংগঠক ফাত্তা সিয়াম প্রমুখ।
/আরিফ জাওয়াদ/মাহফুজ