খবরের কাগজে সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৭৫ আসনবিশিষ্ট তিনটি দ্বিতল বাস নিম্নবর্ণিত শর্তে ভাড়া নেওয়ার অনুমোদন পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
মঙ্গলবার (১ জুলাই) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এর আগে গত ৯ মার্চ ‘শাবিপ্রবির বাস সার্ভিস / ১৮ শিক্ষার্থীর বিপরীতে ১টি সিট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনায় আসার পর যদি নতুন বাস কেনা সম্ভব না হয় তাহলে বিআরটিসি বাসের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক এ এফ এম জাকারিয়া খবরের কাগজকে বলেন, ইউজিসি থেকে অনুমোদন পাওয়ায় আমরা খুবই আনন্দিত। আমরা যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সিলেটের বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্বিতল বিশিষ্ট বাস চালু করার ব্যবস্থা করব। আমরা আশা করি এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে।
উল্লেখ্য, পত্রে শর্ত হিসেবে আরও উল্লেখ করা হয়, বাস ভাড়া নেওয়ার ক্ষেত্রে পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ এবং তৎপরবর্তী সংশোধনী অনুসরণ করতে হবে। ভাড়া চুক্তি সম্পাদনের পর চুক্তিনামার অনুলিপি দ্রুত কমিশনে প্রেরণ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত হারে উৎসে আয়করসহ প্রযোজ্য অন্যান্য কর কর্তনপূর্বক ভাড়া পরিশোধ করতে হবে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ক্রয়ের সাথে সাথে সমসংখ্যক বাস ভাড়ার চুক্তি বাতিল বলে গণ্য হবে।
ইসফাক/মেহেদী/