চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি’ শিক্ষার্থী জোট। অন্যদিকে ভরাডুবি হয়েছে ছাত্রদলের। এর মাধ্যমে ডাকসু এবং জাকসু নির্বাচনে একচেটিয়া জয়ের ধারা অব্যাহত রাখল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে বাণিজ্য অনুষদের মিলনায়তনে ফল ঘোষণা শুরু করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
গতকাল বুধবার কোনো ধরনের গোলযোগ ছাড়া ভোটগ্রহণ হয়।
‘সম্প্রীতি’ শিক্ষার্থী জোট ২৬টি পদের মধ্যে ২৪টিতে নির্বাচিত হয়েছে। শুধু এজিএস ও সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হতে পারেনি।
ভিপি পদে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহীম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট আর জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাদের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ৪ হাজার ৩৭৪ ভোট এবং জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।
এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। তিনি পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।
সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন তামান্না মাহফুজ স্মৃতি; যিনি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী হয়ে ভোটে লড়েছেন।
অন্যান্য সম্পাদক পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন-
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব স্মৃতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম ওরফে হারেস মাতাব্বর, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকস্বাস্থ্য বীমা আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
তাছাড়া ৫ নির্বাহী সদস্য হলেন-
১. জান্নাতুল ফেরদাউস সানজিদা
২. আদনান শরীফ
৩. আকাশ দাশ
৪. সালমান ফারসী
৫. সোহানুর রহমান
ডাকসু ও জাকসুতে সফল হতে না পারা এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্যানেল দেয়নি।
অমিয়/




