নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ইউসিবির ফিনটেক প্ল্যাটফর্ম ‘উপায়’-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউসিবির করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। ইউসিবির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং প্রধান শাহবাজ তালাত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশন প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোহান।
চুক্তির আওতায় নোবিপ্রবিতে ডিজিটাল টিউশন ও ফি সংগ্রহ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পে-রোল ব্যাংকিং সেবা এবং ইউসিবির ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ও উপায়-এর মাধ্যমে কালেকশন সল্যুশন চালু হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কিউআর কোডভিত্তিক পেমেন্ট, ইএমএস-ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবস্থা, কার্ড ও কিউআর পেমেন্টসহ পূর্ণাঙ্গ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা ও তহবিল ব্যবস্থাপনা আরও সহজ হবে। এর ফলে নোবিপ্রবিকে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস ও ডিজিটালি সক্ষম বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং স্বচ্ছ, নিরাপদ ও স্বয়ংক্রিয় আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
কাওছার/মাহফুজ