ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়ায় শাকসুর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সারা রাত দীর্ঘ আন্দোলন বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে শাবিপ্রবি প্রশাসন শাকসু প্রসঙ্গে আলোচনা করবে, এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে মঙ্গলবার ভোর ৫টায় শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভ শেষ হয়।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন কমিশনের অফিস (আইআইসিটি) ঘেরাও করে। পরবর্তীতে শিক্ষার্থীরা তিন দলে বিভক্ত হয়ে আইআইসিটি ভবন, আইআইসিটি ভবনের প্রবেশপথ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের নেতৃত্বে শাকসু নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনা শেষে ভোর ৫টায় শাকসু নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী আলোচনা করবেন এই প্রতিশ্রুতির মাধ্যমে সেটির সমাপ্তি ঘটে।
এদিকে, আন্দোলন চলাকালীন হল সংসদ নির্বাচনে বিজয় ২৪ হলের ভিপি পদপ্রার্থী খলিলুর রহমান চাঁদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং অসুস্থতা নিয়েই শাকসুর প্রচারণা চালাচ্ছিলেন।
ইসফাক আলী/অমিয়/


