আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগাম ছুটির দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা জানান, অগ্রিম ছুটি পেলে তারা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন এবং ভোটের উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে পারবেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোকসুদুল মোমিন বলেন, দেশের প্রাইম বা প্রথম শ্রেণির নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আজ থেকেই ছুটি ঘোষণা করা উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে ৬ ফেব্রুয়ারি থেকে ছুটি না দেওয়াকে আমরা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। দেশের সবচেয়ে সচেতন নাগরিকদের ভোটদান থেকে বিরত রাখতেই এই কৌশল নেওয়া হয়েছে। অন্যথায় সরকার আগেই এ সিদ্ধান্ত নিত।
তিনি আরও বলেন, বেরোবি রংপুরে অবস্থিত হলেও অনেক শিক্ষার্থীর বাড়ি চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দূরবর্তী এলাকায়। মাত্র দুই দিনের ছুটিতে তারা কীভাবে হাজার হাজার টাকা খরচ করে বাড়ি যাবে? আমরা চাই আজই সিদ্ধান্ত নিয়ে আগামীকাল থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান মূলত শিক্ষার্থীদের আন্দোলনের ফল। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ না থাকায় অনেকেই বাড়ি যেতে পারছে না। যাদের বাড়ি দূরে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ছুটির ঘোষণা প্রয়োজন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারন অর রশিদ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গাজী আযম/নাঈম