চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির কারণে এক পরীক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লেভেল-০১ স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম চলাকালে এক পরীক্ষার্থীর আবেদনপত্রে মেধাক্রমের তথ্যে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে জালিয়াতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মেধাক্রম বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন জানান, "ভর্তির সময় এক পরীক্ষার্থী তার নিজস্বভাবে পরিবর্তিত মেধাক্রম উপস্থাপন করে। একই মেধাক্রম নিয়ে আরেকজন পরীক্ষার্থী উপস্থিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে যাচাই-বাছাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অযোগ্য ঘোষণা করা হয়।"
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল চুয়েটে তৃতীয় দফার ভর্তি কার্যক্রম শুরু হবে।
ইবাদ হোসেন/নাঈম