‘হয় ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয় গুপ্ত শিবির সন্ত্রাসীদের আইন হাতে তুলে নিয়ে হত্যা করব’ এমন বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করে দুঃখ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ওমর ফারুক লেখেন, ইবি শাখা ছাত্রদলের বিক্ষোভ শেষে সমাবেশে আমার বক্তব্যে জিয়া পরিবারকে নিয়ে নোংরামি করলে তাদের প্রতিহত করবো বলতে গিয়ে স্লিপ অব টাং হ*ত্যা করবো শব্দটি অসাবধানতাবশত উচ্চারণ করেছি।
তিনি আরও লেখেন, অসাবধানতাবশত হত্যা শব্দটি উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করছি। শুভানুধ্যায়ী যারা আমাকে চেনেন, এই বক্তব্যে কষ্ট পেয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে চট্টগ্রামে কলেজে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য প্রদানকালে সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক বলেন, জিয়া পরিবারকে নিয়ে নোংরামি করলে কোনো আপস হবে না। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "হয় ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয় গুপ্ত শিবির সন্ত্রাসীদের আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।
সমাবেশে তিনি সব রাজনৈতিক সংগঠনকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, ক্যাম্পাসে শিবিরসহ সবাই রাজনীতি করবে, তাদের নিরাপত্তা দেবে ছাত্রদল। কেউ আইন হাতে তুলে নেবেন না। তবে জিয়া পরিবারকে নিয়ে নোংরামি করলে হয় মারব, না হয় মরব।
নিয়ামত উল্লাহ/নাঈম