ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালদের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় JKKNIU Animal Welfare Society ও Humane Paws Initiative বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমের মিডিয়া পার্টনার ছিল জাতীয় দৈনিক খবরের কাগজ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরে কুকুরের কারণে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত। আমরাও ভাবছিলাম এটি কীভাবে সমাধান করা যায়। বিষয়টা উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি। পরবর্তী সময়ে এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির ছেলেমেয়েরা আমাদের কাছে আসে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়ে। আমরা তাদের সাধুবাদ জানিয়েছি এবং আমাদের সাধ্যমতো সহায়তা করেছি। ভ্যাকসিনেশনের মাধ্যমে ক্যাম্পাস শিক্ষার্থী ও প্রাণীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরিত হবে। ভবিষ্যতেও এমন প্রাণী কল্যাণমূলক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন অব্যাহত রাখবে বলে আশা করি।’
এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাকিব আহমেদ হৃদয় বলেন, ‘জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা প্রতিরোধে সচেতনতা ও টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। আমরা চাই, ক্যাম্পাস এলাকার প্রতিটি প্রাণী নিরাপদ থাকুক এবং শিক্ষার্থীরা নিশ্চিন্তে চলাফেরা করুক। এই কার্যক্রমের মাধ্যমে মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও নিরাপদ ও মানবিক হবে। আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ ও জলাতঙ্কমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।’
হিউম্যান পজ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা প্রাণী চিকিৎসক বেণী আমিন বলেন, জলাতঙ্ক মানুষ ও প্রাণী উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে। ক্যাম্পাসের কুকুরদের নিয়মিত ভ্যাকসিনেশন এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শুধু প্রাণীদের সুরক্ষা দিচ্ছি না, বরং জনস্বাস্থ্যও নিশ্চিত করছি। সবাইকে অনুরোধ করব, প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করুন। যদি কোনো প্রাণী অসুস্থ বা অস্বাভাবিক আচরণ করে, দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। তা ছাড়া প্রাণীদের সঙ্গে ইতিবাচকভাবে মেলামেশা করলে মানুষের মানসিক চাপ ও উদ্বেগ কমে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রক্টর ড. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা, হিউমেন পজ ইনিশিয়েটিভসের সদস্যসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।


