ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অনুভবে এক আকাশ হুমায়ূন’ স্লোগানকে সামনে রেখে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে শুরু হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা-১৪৩৩’।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মেলাটির আয়োজন করা হচ্ছে, আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ।
আয়োজকরা জানান, মেলা বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় থাকবে হুমায়ূন আহমেদের নানান সৃষ্টিকর্ম নাটক, গান, লোকসংগীতসহ নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি। আরও থাকবে কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা, নাগরদোলা, পুতুলনাচ ও হাঁস ধরা প্রতিযোগিতা।
এ ছাড়াও হুমায়ূন আহমেদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও তার জীবনদর্শন তুলে ধরতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেতা ডা. এজাজুল ইসলাম, প্রখ্যাত অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী, প্রখ্যাত অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।
মূলত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 'ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)' কোর্সের অংশ হিসেবে মেলাটির আয়োজন করা হচ্ছে। কোর্সটির তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের 'স্পিড'।
আয়োজনের বিষয়ে কোর্স তত্ত্বাবধায়ক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্সের অংশ হিসেবেই মেলাটি আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তাদের বাস্তব অভিজ্ঞতা ও যেকোনো আয়োজনের প্রতিটি পর্যায়ের কাজ করার সক্ষমতা বৃদ্ধি পাবে। 'হুমায়ূন মেলা' আয়োজনে আমাদের উদ্দেশ্য ছিল যেন হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা আশা করছি, এই মেলার মাধ্যমে সারাদেশে হুমায়ূন আহমেদের শিল্পকর্ম আবার জেগে উঠবে।
তাসনিম হক/নাঈম




