সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিদেশি শিক্ষার্থী কোটায় অধ্যয়নরত আটজন নেপালি শিক্ষার্থীর হাতে ‘ডক্টর অব ভেটেরিনারি’ ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উপাচার্যসহ শিক্ষকেরা নেপালি টুপি পরে অংশ নেন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাতজন শিক্ষার্থী ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন।
করোনাকাল ও রাজনৈতিক অস্থিতিশীলতার মতো নানা প্রতিকূলতা মোকাবিলা করে চার বছরের একাডেমিক শিক্ষা ও এক বছরের ইন্টার্নশিপ শেষ করে তারা ২০ মে কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দিয়ে অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নেপালের প্রাণিসম্পদ, ডেইরি, পোল্ট্রি ও পশুপালন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উপাচার্য আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে সিকৃবি কাজ করে যাচ্ছে। বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য নিরাপদ, আধুনিক ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের অংশ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ উদ দৌলা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন।
অমিয়/


