পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম- এই সাত বিভাগে শিক্ষার্থীদের জন্য বাস চালানো হবে।
বুধবার (২০ মে) শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া।
তিনি জানান, প্রতিটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাসের ব্যবস্থা করা হবে। এজন্য আঞ্চলিক সংগঠনগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে।
নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল বাশার বলেন, ঈদযাত্রায় বাসের দাবির পর প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ শিক্ষার্থীরা আনন্দিত।
অন্যদিকে ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী তাবাসসুম আক্তার জানান, বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাওয়ার সুযোগ শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক ও রোমাঞ্চকর।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম শরীফুল করীম বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই বিভাগীয় শহরগুলোতে বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: বাসস
অমিয়/




