কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মীর নামে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে ফুলবাড়ী থানায় মামলা দুটি করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
দুটি মামলায় ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খন্দকার মিঠু, দেলোয়ার হোসেন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তৌকির হাসান তমাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খন্দকার পারুলসহ ৮৫ জন। দুটি মামলায় একই ব্যক্তিকে আসামী করা হয়েছে।
বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট দেশীয় অস্ত্র নিয়ে তার (বাদীর) লোকজনকে হত্যার উদ্দেশে হামলা চালায়। এ সময় তাদের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়। এছাড়াও বাদীর লোকজনের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।
মামলা প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বলেন, দুটি মামলায় ৮৫ জন করে আসামির নাম উল্লেখ করা হয়েছে। দুই মামলায় একই ব্যক্তি আসামি করা হয়েছে। এছাড়াও দুই মামলায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি রয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
গোলাম মওলা সিরাজ/এমএ