বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় বৃক্ষরোপণ, মানববন্ধন, চারা বিতরণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজিত এ কর্মসূচি বরগুনায় বাস্তবায়ন করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ)।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং অংশগ্রহণকারীদের জন্য ফলের আপ্যায়ন।
এ কর্মসূচিতে সিবিডিপি, বরগুনা সাইক্লিং কমিউনিটি, সবুজ বরগুনা, জল তরণী, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, বিডিক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিপিপির সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, ধরিত্রী রক্ষায় আন্দোলনের (ধরা) বরগুনা সদর উপজেলা সমন্বয়ক মুশফিক আরিফ, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ খান, জল তরণীর প্রতিষ্ঠাতা পর্যটনযোদ্ধা আরিফ রহমান ও সাংবাদিক শহিদুল ইসলাম স্বপ্নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, ‘পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘একটি গাছ একটি প্রাণ।’ বেশি বেশি বৃক্ষরোপণ এবং প্লাস্টিক দূষণ কমানোর মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।
সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, ‘পরিবেশ রক্ষা ও শিক্ষার উন্নয়নে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।’
মহিউদ্দিন অপু/তামান্না রুপা/রিফাত/