কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই ) মোহাম্মদ শাহজাহান।
নিহত সাজিদ কবির (১৮) কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে। সে টেকনাফ উপজেলার সাবরাং এলাকার আদি বাসিন্দা। সে ঢাকার মাইলস্টোন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ঘটনায় আহত হয়েছেন, নিহতের বন্ধু ও চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর কায়েস (১৮)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শাহজাহান বলেন, বৃহস্পতিবার সাজিদ কবির ঢাকা থেকে কক্সবাজার শহরের বাসায় আসেন। শুক্রবার সকালে এক বন্ধুসহ মোটর সাইকেল নিয়ে সে টেকনাফের সাবরাংয়ে গ্রামে বেড়াতে যায়। শনিবার সকালে মেরিন ড্রাইভ দিয়ে তারা মোটর সাইকেল যোগে কক্সবাজার শহরের বাসায় ফিরছিল।
এক পর্যায়ে উখিয়া উপজেলার ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাজিদ কবির মারা যায়। ঘটনায় আহত হয় সঙ্গে থাকা অপর বন্ধু ওমর কায়েস।
উপপরিদর্শক বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আহত ওমর কায়েসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।’
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মোহাম্মদ শাহজাহান।
মুহিববুল্লাহ মুহিব/মাহফুজ