মৌলভীবাজার অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) নামে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনি এলাকায় একটি ট্রাক থেকে এই চিনি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদে সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯ হাজার ৪০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটক দুইজন সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি)/ডি ধারায় অভিযোগ করা হয়েছে।
পুলক/মেহেদী/অমিয়/