ছারছীনা শরীফের পীর মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, আমাদেরকে মহান আল্লাহ তায়ালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদাত করার জন্য, দুনিয়াবী অন্য কোন উদ্দেশ্যে নয়। অথচ ক্ষণিকের এই দুনিয়ায় আমরা বিভিন্ন ধরণের মোহ তথা ক্ষমতার লোভে পড়ে যাই। যা আমাদের জীবনে ধ্বংস বয়ে আনে। দেশের বিভিন্ন স্থানে যে হারে ওয়াজ মাহফিল হচ্ছে, সে হারে মানুষ হেদায়াত হচ্ছে না। এর একমাত্র কারণ ইখলাছের অভাব। আজকাল ওয়াজ-মাহফিলের ময়দানকে লোক দেখানো আবার কোথাও কোথাও শোডাউন হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ দ্বিতীয় ছারছীনা খ্যাত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিনদিনব্যাপী মাহফিলের শেষ দিন বাদ জুমা আখেরি মুনাজাতের আগে আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছারছীনা দরবার আপোষহীন দরবার। বর্তমানে একদল লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। ইসলামের নাম দিয়ে একদল লোক ইসলামকে ধ্বংসের পাঁয়তারা করছে, তাদের কাছ থেকে আমাদের ঈমান ও আমল হেফাজত করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। মনে রাখতে হবে আমরা আল্লাহর নিকট দায়বদ্ব। কোন ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্য।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর মির্জা মো. নূরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দ্বিনীয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামিম, ছারছীনা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুহাদ্দিস মাওলানা মো. মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করেন ছারছীনা পীর।
সিফাত/