চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাচা হলেন- মাহমুদুল হক (৬৬)। তিনি পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়ার মৃত চাঁদ মিয়ার ছেলে।
ভাতিজা লাঠি দিয়ে চাচা মাহমুদুল হককে আঘাত করার পর আহত অবস্থায় তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাহমুদুল হকের ছেলে মিশকাত হোসেন (১৬) নামের স্কুলপড়ুয়া ছেলেও আহত হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, মাহমুদুল হকের সঙ্গে তার বড় ভাই মৃত মুহাম্মদ আলীর পরিবারের সদস্যদের বাড়ির পাশের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে মুহাম্মদ আলীর দুই ছেলে মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান ওই জায়গায় ঘর নির্মাণ করছিলেন। এ সময় মাহমুদুল পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে মুজিবুর, মোস্তাফিজুর ও তাদের ভাগ্নে মো. শাকিলের মারধরে মাহমুদুল আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, জায়গা-জমি নিয়ে মাহমুদুলের সঙ্গে তার ভাতিজাদের বিরোধ ছিল। সকালে মাহমুদুল আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি নিয়ে মাহমুদুল হকের ওপর হামলা চালায়। এতে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাহফুজ