দীর্ঘ ১৭ দিন পর মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা ২৯ জন বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেদের ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার মধ্যে ১৪ জন রোহিঙ্গা এবং ১৫ জন বাংলাদেশি জেলে রয়েছে।
ফেরত জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার বাসিন্দার নৌকার মাঝি খুইল্যা মিয়ার ছেলে মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দু রহমান (১৯), মো. আবুল কালাম আহমদের (২৯), মো. লালু (১১), মো. কবির আহমদের (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১), দক্ষিণ পাড়া এলাকার মাহামুদুল হাসান, মোহাম্মদ জাবেদ, মো. আব্দুর রহিম ও মো. হাসান, উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দার ফারুক (মাঝি), একই ক্যাম্পের বাসিন্দার মো. ইব্রাহিম, আব্দুল মোনাফ, মো. রায়হান, সৈয়দ উল্লাহ (মাঝি), সৈয়দ আলম, ইমাম হোসেন, হ্নীলা আলীখালী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পেরর বাসিন্দার কেফায়েত উল্লাহ, শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া মো. ফয়সাল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধা ৬টায় টেকনাফ পৌরসভা মিয়ানমার পুরাতন ট্রানজিট জেটিঘাটে পৌঁছেন জেলেরা।
গত ১১ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি সকালে মাছ শিকার করে আসার পথে বঙ্গোপসাগর ও নাফনদী থেকে ৬টি নৌকা ও ট্রলারসহ ২৯ জন জেলেদের আটক করে নিয়ে যায় মিয়ানমার আরাকান আর্মি। দীর্ঘ ১৭ দিন পর তাদের হেফাজত থেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে আরাকান আর্মি।
জেলেরা জানান, নাফনদীতে জাল ফেললে স্রোতের কারণে সেটা দিক পরিবর্তন করে নেয় বলেই মাঝে মাঝে মায়ানমার জলসীমানা অতিক্রম করে ঢুকে যায়। তবে আগে এমন অসহিষ্ণু না হলেও সম্প্রতি আরাকান আর্মির কারণে অনিরাপদ হয়ে গেছে নাফনদী। জেলে পরিবারগুলোর রোজগারের মাধ্যম আরাকান আর্মির হাতে বন্দি থাকায় শঙ্কা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন অপহৃতদের অসহায় স্বজনেরা। অবশেষে দীর্ঘদিন পর বিজিবির সহায়তায় তাদের ফেরত আনা হয়েছে। স্বজনদের স্বামী, পিতা, সন্তানদের ফেরত পেয়ে জেলে পরিবারগুলো প্রশাসনকে ধন্যবাদ জানায়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির সহযোগিতায় ১১ ও ২০ ফেব্রুয়ারিতে ভুলবশত মিয়ানমার জলসীমানা অতিক্রম করায় ৬টি ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারসহ ২৯ জন জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। বৃহস্পতিবার সন্ধায় আরাকান আর্মির হেফাজত থেকে ১৫ জন বাংলাদেশি নাগরিক এবং ১৪ জন রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে এনেছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাছ শিকারের সসময় মিয়ানমান জসসীমাসা অতিক্রম করার কারণে মিয়ানমান আরাকান আর্মি নৌকা ও ট্রলারসহ ২৯ জন রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেদের আটক করে নিয়ে যায়। যোগাযোগের মাধ্যমে ২৯ জনকে মিয়ানমান আরাকান আর্মি বৃহস্পতিবার বিকালে বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি বলেন, জেলেদের ট্রানজিট জেটিঘাটে রাখা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই বাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতবছর নভেম্বর ও ডিসেম্বরে মিয়ানমার আরাকান আর্মির কাছ থেকে ২৬ জন জেলেকে ফেরত এনেছিল বাংলাদেশ বর্গার গার্ড (বিজিবি)।
মো. শাহীন/মাহফুজ