কুমিল্লার চৌদ্দগ্রামে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের ফয়েজুনেচ্ছা মহিলা মাদ্রাসা রোডে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা যোবায়ের হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ মামুন সাগর, ডা. নাহিদ হাসান, আব্দুল হালিম এবং আলী হায়দার সাহেদ।
এ উপলক্ষে সুলভ মূল্যে প্রতি ডিম ৯ দশমিক ৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
চৌদ্দগ্রামের বিভিন্ন স্থান যেমন- পৌরসভা, মিয়াবাজার কলেজ রোড, কাশিনগর বাজার এবং গুণবতী বড় মসজিদ রোড এই এই কার্যক্রম চলবে।
এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছেন। তাদের মধ্যে একজন ছকিনা বেগম। তিনি জানান, বাজারে ১১০ টাকা করে দুধ কিনতাম, আজ ৮০ টাকায় দুধ কেনায় ৩০ টাকা বাঁচলো।
সারপুটি গ্রামের সাহিদা বেগম বলেন, ‘প্রথম রমজানে ৮৫০ টাকা দিয়ে গরু মাংস কিনে খেতে পারিনি কিন্তু আজ ৬৫০ টাকায় এক কেজি গরু মাংস কিনে পরিবারের সঙ্গে ভালোভাবে সেহেরি করতে পারব।’
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ মামুন সাগর জানান, গরুর মাংসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রথমে ৩০ কেজি মাংস, ৮০০ ডিম এবং ৩০ লিটার দুধ দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। পরে এই কার্যক্রম আরো বড় পরিসরে চালু থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রির মাধ্যমে আমরা স্বল্প আয়ের মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করছি। এই কার্যক্রম পুরো রমজান মাস ধরে চলবে।’
বেলাল/তাওফিক/