দৈনিক খবরের কাগজে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ মাটিবাহী ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত অবৈধ মাটিবাহী ট্রাক্টরের দুই মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরীপুর এলাকার এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
এর আগে গত সোমবার (৩ মার্চ) ‘সড়ক দাপিয়ে বেড়াচ্ছে মাটিবাহী ট্রাক্টর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে দৈনিক খবরের কাগজ।
এতে বলা হয়, মাটিবাহী ট্রাক্টরের অবাধ বিচরণের কারণে সাতক্ষীরার শ্যামনগরের সড়কগুলো অনিরাপদ হয়ে ওঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফিটনেসবিহীন এসব যান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। প্রশিক্ষিত চালকের পরিবর্তে উঠতি বয়সী তরুণ, আবার অনেক ক্ষেত্রে শিশুদের দিয়ে অবৈধ এসব যান চালানো হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ও শ্যামনগর থানা পুলিশের একটি টিম ঈশ্বরীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই কিশোর চালকসহ ছয়টি মাটিবাহী ট্রাক্টর আটক করা হয়।
এ সময় পুনরায় গ্রামীণ সড়কে মাটিবাহী ট্রাক্টর না চালানোসহ ড্রাইভিং সনদ গ্রহণের শর্তে ছয়টি মাটিবাহী ট্রাক্টরের দুই মালিককে যথাক্রমে ২০ ও ১৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। সড়কে অবৈধভাবে চলাচলকারী উক্ত ছয় মাটিবাহী ট্রাক্টর মালিক বিলাল হোসেন ও জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুনরায় আইন ভঙ্গ না করার অঙ্গীকার করেন। উক্ত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
অভিযান পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, এসব মাটিবাহী ট্রাক্টর কেবল কৃষি জমিতে ব্যবহারের জন্য। গ্রামীণ ও আঞ্চলিক সড়কে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শঙ্কা বহুগুণে বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে এসব মাটিবাহী ট্রাক্টর গ্রামীণ ও আঞ্চলিক সড়কে চলাচল করলে এর বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক তুহিন হোসেন, মেহেদী হাসানসহ শ্যামনগর থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
সুলতান শাহাজান/মাহফুজ