পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল মঞ্চে উপস্থিত এক আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বুধবার (১২ মার্চ) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার ঈদগাহ মাঠে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আর ওই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন খান। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দেউলী সুবিদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান।
জানা যায়, বুধবার দেউলি সুবিদখালী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। তবে ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় মঞ্চের পিছনের সারিতে চেয়ারে বসা ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার খান। এদিকে বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে বিএনপির
নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজি বলেন, বিএনপির অনুষ্ঠানে আ.লীগের প্রথম সারির নেতা ও নৌকার নির্বাচিত চেয়ারম্যানের উপস্থিতি কোনো ভাবেই কাম্য নয়। উপস্থিত নেতারা আওয়ামী লীগকে পূর্নবাসনের চেষ্টা করছে। বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে জানানো হবে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলা পরিষদের সবাইকে মিলাদে দাওয়াত দিয়েছে সেই হিসেবে গিয়েছি। না গেলেও তো জ্বালা। আমার এখান থেকে ১০ ফুট দূরে না গেলে বলবে সবাই আসছে চেয়ারম্যান আসেনি।’
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন, উনি আমাদের আমন্ত্রিত নন। ওনাকে আমন্ত্রণ করা হয়নি। অনেক মানুষের আয়োজনে প্রোগ্রাম ছিল, উনি কোনো সময়ে ঢুকে পড়েছে দেখিনি। তবে আমরা খোঁজ করছি কে তাকে এনেছে।
মো. হাসিবুর রহমান/মাহফুজ