নাড়ির টানে বাড়ি ফিরছেন কর্মজীবীরা ৷ এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে যমুনা সেতু ব্যবহার করে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা৷
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, ‘ঈদ উপলক্ষ্যে শুক্রবার (২৮ মার্চ) মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে বিভিন্ন গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার পথে রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে সবচেয়ে বেশি।’
শুক্রবার দুপুরের পর থেকে যানবাহনের চাপ আরও বাড়ার আশঙ্কা করেন তারা৷
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭ টি যানবাহন পারাপার হয়েছে।
এরমধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২০ হাজার ২৪১ টি। এই গাড়িগুলো থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০টাকা।
অন্যদিকে ঢাকাগামী ১৪ হাজার ৯৮৬ টি যানবাহন পারাপারের বিনিময়ে টোল দিয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘যমুনা সেতুর দুপাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে দুপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সেতু দিয়ে সার্বক্ষণিক যানবাহনের চলাচলের চেষ্টা করা হচ্ছে।’
জুয়েল রানা/নাইমুর/