আজ ২৫ বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে বাংলাদেশে কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং কুষ্টিয়ার শিলাইদহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে তিনব্যাপী কবিগুরুর জন্মজয়ন্তী উৎসব।
ইতোমধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কুঠিবাড়ি প্রাঙ্গণে তৈরি করা হয়েছে মঞ্চ। চারপাশে দেওয়া হয়েছে রং-তুলির আঁচড়, ব্যবহৃত জিনিসপত্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে নতুনভাবে। সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে তিন দিনের এই জমকালো আয়োজন।
জানা যায়, এই কুঠিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিসহ অনেক কাব্যগ্রন্থ রচনা করেন। এখানে বসেই তার ‘নৌকাডুবি’, ‘বলাকা’সহ অসংখ্য গল্প, গান, কবিতা ও সাহিত্যকর্ম রচনা করেন।
‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে এ উৎসব। আয়োজনকে সফল করতে প্রত্নতত্ত্ব বিভাগ সব প্রস্তুতি শেষ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আলোচনা অনুষ্ঠানের পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঞ্চনাটক।
এ বিষয়ে শিলাইদহ কুঠিবাড়ির ত্বত্তাবধায়ক (কাস্টডিয়ান) আল-আমিন হেসেন বলেন, ‘আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনব্যাপী এই আয়োজনের সঙ্গে থাকছে গ্রামীণ মেলা।’ সার্বিক বিষয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘বিশ্বকবির জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে তিন দিনের আয়োজন করা হয়েছে। সেখানে দেশবরেণ্য ব্যক্তি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। তাদের নিরাপত্তাব্যবস্থাসহ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।’
নওগাঁ: জন্মোৎসব উপলক্ষে তার নিজস্ব জমিদারি কালীগ্রাম পরগনার সদর দপ্তর নওগাঁর পতিসরে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। বেলা ৩টায় অনুষ্ঠান ও রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তিন দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রামীণ মেলা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘পতিসরে কাছারি বাড়ির আঙিনায় বসে এবং নাগর নদে পদ্মা বোটে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
সিরাজগঞ্জ: শাহজাদপুরের কাছারি বাড়িতে প্রতিবছরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। তাই এবারও এ উপলক্ষে কয়েক দিন ধরেই চলছে সাজ সাজ রব। উৎসবে অংশ নিতে ইতোমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ আয়োজন হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রা বিষয়ক মন্ত্রণালয় সচিব মো. আব্দুল খালেক।
জন্মবার্ষিকী সফলভাবে পালন করতে কয়েক দিন ধরে রবীন্দ্রসংগীত, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে। স্থানীয় শিল্পী সংগঠনের পাশাপাশি পাবনা, বগুড়া, রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে। আয়োজন সফল করতে সুসজ্জিত করা হয়েছে কাছারি বাড়ি প্রাঙ্গণ।’