ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ১৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাপসার বিওপির দায়িত্বপূর্ণ রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে- চারজন পুরুষ এবং অন্যরা নারী ও শিশু।
তারা যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, খাগড়াছড়ি, বরিশাল ও নড়াইলের বাসিন্দা।
বিজিবি জানায়, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীন চাপসার বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৩৪৮/২-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় তাদের আটক করে।
চাপসার বিওপির কমান্ডার জানান, আটকদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘১৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
চলতি সপ্তাহের শুরুতে একই সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় আরও ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নবীন/পপি/