সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় তিন সন্তানসহ সাজিদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৩টার দিকে ১৭ বিজিবির সদস্যরা তাদের আটক করে।
পরে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।
আটক অন্যরা হলেন- সাজিদার তিন সন্তান সাইফুল ইসলাম (১৭) পরান ইসলাম (১২) ও ছোট (৫)।
তারা সবাই কৈখালী ইউনিয়নের মৃত রেজাউল করিমের পরিবারের সদস্য।
১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের পরানপুর (বিওপি) সদস্য হাবিলদার আকরাম হোসেন বলেন, রাত ৩টার দিকে পরানপুর (বিওপি) ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদী দিয়ে এ চার বাংলাদেশি অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
সাজিদার সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে দালালদের সহায়তায় তার স্বামী রেজাউল করিমসহ তারা চার-পাঁচ বছর আগে অবৈধ ভাবে ভারতে যায়। এরপর থেকে তারা সেখানে অবস্থান করছিলেন। সেখানে তার (সাজিদার) স্বামী রেজাউল করিম মরা যান। এরপর সেখানে তাদের সংসার চালানো কষ্টসাধ্য হওয়ায় তারা পুনরায় ভারতীয় দালালের মাধ্যমে বাংলাদেশে ফিরছিলেন। ফেরার পথে কালিন্দী নদী থেকে বিজিবি তাদের আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, আটক চারজনের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহাজান/রিফাত/