নড়াইলের কালিয়ায় অনলাইনে প্রতারণার অভিযোগে দুই ভাইসহ চারজনকে গ্রপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ, তারা অনলাইনে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা, আর নিঃস্ব করেছেন শত শত পরিবারকে।
প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি ব্যয় করে মাদক আর রাজকীয় জীবনযাপন করতেন তারা।
সোমবার (৭ জুলাই) উপজেলার রঘুনাথপুর ও যাদবপুরে ৮ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মুসাব্বির মুন্সি ছিপাতুল্য (২৮), যাদবপুর গ্রামের মো. নাজমুল হুসাইন (৩১) ও তার ভাই বাপ্পি হাসান ওভি (২৭) এবং একই গ্রামের মো. রনি মীনা (৪১)।
ভুক্তভোগী নয়ন ঠিকাদার বলেন, ‘মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে প্রথমে ৩০০ টাকা দিই। পরে তাদের ফাঁদে পড়ে তিন হাজার টাকার ফোনের জন্য ২১ হাজার টাকা দিছি। অনেক কান্নাকাটি করছি, অনেকবার কল দিছি, আমার ফোন টাকা কোনোটাই দেয়নি।’
আরেক ভুক্তভোগী আহাদ বলেন, ‘একটা মোটরসাইকেলের জন্য কয়েক দফায় পর্যায়ক্রেম ১ লাখ ৯৫ হাজার টাকা তাদের দিছি। গাড়ি দেওয়ার কথা বলে আমাকে এক মাস ধরে হয়রানি করছে। বাংলাদেশের আইনের বাইরেও যদি কোনো বিচার থাকে প্রতারক চক্রের যেনো কঠোর শাস্তি হয়।’
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিম কোম্পানির অ্যাজেন্টদের মাধ্যমে অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম চড়া মূল্যে কিনে এমন প্রতারণা করে আসছিল।
শরিফুল ইসলাম/মৌসুমী/অমিয়/