সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে চিপস কিনতে গিয়ে এক চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার চান মোহাম্মদ সিকদারের (৬০) বিরুদ্ধে। এ ছাড়া ঘটনায় অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসা করতে গেলে ছাত্রীর মা-বাবাকে মারধরের অভিযোগও উঠেছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা চান মোহাম্মদ সিকদারের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত চান মোহাম্মদ জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।
স্থানীয়দের মধ্যে অনেকে দাবি করছেন, এর আগেও ওই দোকানদার সম্পর্কে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা গেছে, তবে সাহস করে কেউই প্রকাশ্যে অভিযোগ করেনি।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, 'গত বৃহস্পতিবার সকালে স্কুল শেষে আমার মেয়ে পাশের দোকানে চিপস কিনতে যায়। সে সময় দোকানদার চান মোহাম্মদ তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে ভয়ে ও লজ্জায় মেয়েটি তাৎক্ষণিকভাবে কিছু না বললেও পরে বাড়ি ফিরে কান্নারত অবস্থায় পুরো ঘটনা জানায়। এর পর আমি ও আমার স্বামী অভিযুক্ত দোকানদারের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং মারধর করে আহত করে।'
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, 'এ ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়েছি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক মহলে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এখন আরও বেশি সচেতন হওয়ার সময় এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরাও ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
আল-আমিন/মেহেদী/