পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১৭ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা এই ১৭ জনের মধ্যে রয়েছেন শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ ও বৃদ্ধা। কেউ জন্ম থেকেই চলতে অক্ষম, কেউ আবার সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন চলার ক্ষমতা। কারও হাঁটুর নিচ থেকে নেই পা, কেউ পক্ষাঘাতে জর্জরিত। তাদের অনেকেই স্বপ্ন দেখতেন- একদিন হুইলচেয়ারে বসে স্বাধীনভাবে চলাফেরা করবেন, কিন্তু দরিদ্রতার কারণে তা ছিল দুরাশা।
মঙ্গলবার (১৫ জুলাই) তাদের আশা পূরণ করতে পাশে দাঁড়াল তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের অনুকূলে প্রাপ্ত উপজেলা উন্নয়ন সহায়তার সাধারণ বরাদ্দ হতে গৃহীত প্রকল্পের মাধ্যমে এই মানবিক উপহারটি পেয়ে উচ্ছ্বসিত তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'উপকারভোগীরা সবাই গরিব, অসহায় ও আর্থিকভাবে অক্ষম। কেউ কেউ দীর্ঘদিন ধরে অন্যের কাছে সহায়তা চেয়ে ব্যর্থ হয়েছেন। ফলে উপজেলা পরিষদের অর্থায়নে গৃহীত এ প্রকল্প থেকে এ উপহার তাদের জীবনে চলার পথে আশার নতুন দ্বার খুলে দিয়েছে।
উপহার পাওয়াদের একজন পক্ষাঘাতগ্রস্ত আব্দুর রহমান বলেন, ‘জীবনে প্রথমবার নিজের একটি হুইলচেয়ার পেলাম। আগে কারও সাহায্য ছাড়া কোথাও যেতে পারতাম না। এখন নিজের মতো চলতে পারব।’
একই কথা বলেন শাহাজাহান আলী নামে আরেক ব্যক্তি বলেন, ‘অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু সামর্থ্য ছিল না। উপজেলা পরিষদের এই সহায়তা আমার জীবনে নতুন আলো এনেছে।’
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক আফরোজ শাহীন খসরু বলেন, ‘এই সহায়তা শুধু একটি হুইলচেয়ার নয়, এটি চলার শক্তি, এটি মর্যাদার প্রতীক। আমাদের চেষ্টা থাকবে যাতে আরও বেশিসংখ্যক অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো যায়।’
রনি/মেহেদী/