বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ বাধা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিএফডিসিকে জেলা পরিষদের অধীনে হস্তান্তরের দাবি জানান এই কৃষিবিদ।
সোমবার (১৮ আগস্ট) সকালে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাজল তালুকদার।
পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে আলোচনাসভা ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করে।
কাজল তালুকদার বলেন, বিএফডিসিতে তেমন কোনো বিশেষজ্ঞ নেই, শুধু রাজস্ব আদায়ের জন্যই তাদেরকে ওখানে রাখা হয়েছে। কাপ্তাই লেক কীভাবে পরিচালিত হবে সে জ্ঞান, ধারণা নেই বললেই চলে। তাদের মাছের উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া জরুরি। বিএফডিসি নিত্যনতুন আইন প্রণয়ন করে অযৌক্তিকভাবে মৎস্য উৎপাদনে বাধা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আমরা চাই বিএফডিসিকে জেলা পরিষদের অধীনে হস্তান্তর করা হোক। মৎস্য অধিদপ্তর জেলা পরিষদের অধীনে রয়েছে, তাহলে বিএফডিসি কেন থাকবে না? কাপ্তাই লেকের মাছ উৎপাদন ব্যাহত হলে শুধু এ অঞ্চলের নয়, সারা দেশেরই ক্ষতি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও মৎস্যবিষয়ক আহ্বায়ক মিনহাজ মুরশীদ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা।
আলোচনা সভা শেষে জেলার সফল তিন মৎস্যচাষির হাতে সম্মাননা সনদ ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি কৃষিবিদ কাজল তালুকদার।
জিয়াউর রহমান/নাঈম/