আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘বিজ্ঞানসম্মত কর্ম, ওজন রক্ষায় বর্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ অ্যাহেড ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
অ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ওজন স্তর সুরক্ষায় বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। তারা বলেন, "ওজন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ও পৃথিবীকে রক্ষা করে। কিন্তু মানুষের অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে এই স্তর ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, যা মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাক, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আল আহসান, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সিডা'র সহ-সভাপতি মো. আফসার আলি, প্রবীণ হিতৈষীর সদস্য নজরুল ইসলাম এবং ব্যবসায়ী শওকত আলি।
পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও অপরিকল্পিত শিল্পায়ন পরিবেশের জন্য হুমকি উল্লেখ করে আলোচনা সভার প্রধান অতিথি অ্যাডভোকেট মো. ইসাহাক বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু রাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ব্যবহার আজ আমাদের বিশ্বকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপরিকল্পিত কলকারখানা স্থাপনের কারণে বাংলাদেশ ও ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহর এখন পরিবেশ দূষণের শীর্ষে রয়েছে। এ কারণে মানুষের মধ্যে ক্যানসারসহ নানা ধরনের মারাত্মক রোগব্যাধি দেখা দিচ্ছে।
অ্যাডভোকেট ইসাহাক বলেন, ওজন স্তরকে সুরক্ষিত রাখতে হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধের পাশাপাশি পরিকল্পিত শিল্পায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের দিকে মনোযোগ দিতে হবে।’
সভায় বক্তারা আরও বলেন, ‘রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারে ব্যবহৃত ক্ষতিকর ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসের ব্যবহার কমাতে হবে। একই সঙ্গে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়াও ক্ষতিকর পদার্থের আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ওজন স্তর সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।’
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।
মো. আসাদুল্লাহ/নাঈম