ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
বাউফলে জামায়াত নেতার বিরুদ্ধে এসিল্যান্ডের স্বাক্ষর নকলের অভিযোগ চমেকে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি সীমান্তে শান্তি বজায় রাখতে সাপাহারে মতবিনিময় সভা বছরে ৮ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রুমিন ফারহানার উচ্চশিক্ষা নয়, নৈতিক শিক্ষায় বড় হও জবানের যে ছোট্ট কথায় অফুরন্ত সওয়াব মেলে সমুদ্র বাঁচলে পৃথিবী বাঁচবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ ছয় লাখ শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন না পাওয়ায় সংসদে ক্ষোভ চীন-মঙ্গোলিয়া যৌথ মহড়ায় নজর কাড়লো রোবটিক উলফ চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নীতিমালা আধুনিকায়ন করছে সরকার: ত্রাণমন্ত্রী দেশে প্রতিবছর অপচয় হয় ৩৫ লাখ টন খাদ্য: প্রতিমন্ত্রী আব্দুল বারী গৃহকর্মী রোবট! দেশের সম্মান রক্ষায় জীবন বাজি রাখছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার মৃত্যু, অপরাধীর শাস্তি এবং সমাজের দায় বিশ্বকাপের উন্মাদনা এবার রঙ বাংলাদেশে নাচোলে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মৎস্য সমবায় সমিতির নিবন্ধন জাতিসংঘ: উন্নয়ন অংশীদার নাকি রাজনৈতিক প্রতিপক্ষ নদী-খাল কিছু নেই তবুও নির্মাণ হচ্ছে ব্রিজ শাহরাস্তিতে সরকারি গাছ কেটে নিলেন পৌর বিএনপির নেতা বানিয়াচংয়ে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০ ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২ প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র নর্ডিক দেশসমূহ: প্রকৃতি, সমৃদ্ধি ও মানবিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত জনবল নেবে ব্যাংক এশিয়া টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান, জানালা, বই-খাতা বিক্রির অভিযোগ
Nagad desktop

বরিশালে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৮

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
বরিশালে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৮
ছবি: খবরের কাগজ

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে পেছন থেকে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী মাইক্রোবাসটি মহাসড়কের পাশে থেমে ছিল। এ সময় অতিরিক্ত গতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। এতে মাইক্রোবাসটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ঘাতক কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজ/রিফাত

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
চমেকে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি
ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার (৮ জুন) কর্মবিতরতির পাশাপাশি তারা ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ নকর্মসূচিও পালন করেন।

এদিকে, তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সোমবার সকাল থেকে বেসরকারি ট্রেইনি চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ইরফানুর রহমান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

তবে দাবি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল ঢাকায় গেছে জানিয়ে তিনি বলেন, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। আলোচনার পর কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগ চিকিৎসকদের কর্মবিরতির কারণে তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। স্বাভাবিক সময়ে তারা অন্তত ডিউটি ডকটরস রুমে গিয়ে চিকিৎসককে রোগীর তাৎক্ষণিক সমস্যার কথা বলতে পারতেন। তারা দ্রুত এসে সমাধান দিতেন কিন্তু এখন সেই সুযোগ নেই।

রোগীদের সেবায় বিঘ্ন ঘটার বিষয়ে ইরফানুর রহমান বলেন, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং ওয়ার্ডগুলোতে সেবা চালু আছে। যেহেতু আমরা কর্মবিরতিতে আছি তাই সেবায় বিঘ্ন ঘটাই স্বাভাবিক।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফাসমূহ হলো, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তা বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতনকাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি অধ্যাদেশকে আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা এবং বিএমডিসি ও বাংলাদেশ
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণ করা।

এসব দাবিতে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

ইন্টার্ন ডাক্তারদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) একটি বিজ্ঞপ্তি জারি করে।
এতে বলা হয়, গত ১৯ মে মন্ত্রণালয় থেকে নীতিমালা জারির পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএস কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল করা হয়েছে। এ ছাড়া এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা এখন থেকে বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ ভাতার আওতাভুক্ত হবেন। বাকি দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নাঈম/

সীমান্তে শান্তি বজায় রাখতে সাপাহারে মতবিনিময় সভা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
সীমান্তে শান্তি বজায় রাখতে সাপাহারে মতবিনিময় সভা
ছবি: খবরের কাগজ

নওগাঁর সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নওগাঁর সাপাহারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে সাপাহার উপজেলা হলরুমে স্থানীয় প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। এমন কিছু করা যাবে না যাতে দেশের শৃঙ্খলা নষ্ট হয়। সীমান্তে অনুপ্রবেশসহ যাবতীয় অস্থিরতা ঠেকাতে বিজিবি কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হারুন/নাঈম

বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের একটি খাল থেকে শামীম (৩০) নামের এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে গৌরিচন্না বাজারসংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম ওই ইউনিয়নের বাসিন্দা মুনসুর আলী বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১১টার পর থেকে শামীম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সকালে খালের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে আশপাশে অনুসন্ধান চালিয়ে খালের পানিতে একটি মাথাবিহীন মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলের পরিস্থিতি ও মরদেহের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

নিহতের স্বজনদের দাবি, শামীমকে হত্যার পর পরিচয় গোপন করতে তার মাথা বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে।

এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ, সময় এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। নিখোঁজ মাথা উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অব্যাহত রেখেছে।

মহিউদ্দিন/নাঈম

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:১৯ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি ঢালু রাস্তায় দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে বাস চালক ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ প্রায় ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ২টা ৩০টার মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলখুটাখালী ইউনিয়নের মপধা কচ্ছপিয়া পাহাড়ি ঢালু জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত বাসের চালক আলম, তার বাড়ি টেকনাফ এবং ৮মাস বয়সী এক শিশু।

​প্রত্যক্ষদর্শী সাঈদ বলেন, দুপুরে চকরিয়ার খুটাখালী মেধা কচ্ছপিয়া এলাকার একটি পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে কক্সবাজার থেকে ছেড়ে আসা দূরপাল্লার এভারগ্রিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী এএস আলম নামে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই লোকাল বাসের চালক আলম ও এক শিশু মারা যায়। লোকাল বাসের ছাদ ভেঙে অনেক দূরে পড়ে যায়।

​দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে আহতদের নিকটবর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুম ঘাট হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ডুলাহাজারার উত্তরপাড়ার আয়েশ নূর (১ বছর ৪ মাস) ও আলীকদম বেগম (৩০) নামে এক নারীসহ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে। পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনায় আহত এভারগ্রিন বাসের যাত্রী মোহাম্মদ সাঈদ বলেন, আমার মা নূর আইসাকে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে হার্টের চিকিৎসার জন্য যাচ্ছিলাম। সঙ্গে আমার বোন ফারজানা ও মামা ফয়েজ আহমদও ছিলেন। কিন্তু চিকিৎসার জন্য যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে আমরা সবাই আহত হয়ে এখন নিজেরাই রোগীতে পরিণত হয়েছি।

অপরদিকে, এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিয়ে  চকরিয়ার কোরক বিদ্যাপীঠ স্কুলে থেকে জান্নাতুল মাওয়া তার বাবা ফরিদুল আলমের সঙ্গে লোকাল বাসে ককৃসবাজারের উদ্দেশে রওনা হন। খুটাখালীর মেধাকষ্টপিয়াএলাকায় পৌঁছালে দুর্ঘটনায় বাবা-মেয়ে দুজনই আহত হন। এতে জান্নাতুল মাওয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার বাবা ফরিদুল আলমের হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে মালুম ঘাট  খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন। আরেকজন রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

রকিবুল/নাঈম

নাচোলে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মৎস্য সমবায় সমিতির নিবন্ধন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:০১ পিএম
নাচোলে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মৎস্য সমবায় সমিতির নিবন্ধন
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কয়েকটি মৎস্যজীবী সমবায় সমিতিতে মৃত ব্যক্তিদের সদস্য হিসেবে বহাল রাখা, একই ব্যক্তির একাধিক সমিতির ব্যবস্থাপনা কমিটিতে পদধারণ এবং সদস্য তালিকায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে সংশ্লিষ্ট সমিতিগুলোর বিরুদ্ধে তদন্ত, বিশেষ নিরীক্ষা (স্পেশাল অডিট) এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

আবেদনকারী মো. এমতাজ উদ্দিন সম্প্রতি রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধকের কাছে এ আবেদন করেছেন।

অভিযোগে বলা হয়েছে, নাচোল উপজেলার ঘিওন মৎস্যজীবী সমিতি লিমিটেড, সোনালী জাল মৎস্যজীবী সমিতি লিমিটেড, শিবপুর-শিয়ালা মৎস্যজীবী সমিতি লিমিটেড, হুলাশপুর মৎস্যজীবী সমিতি লিমিটেড এবং কাতলাকান্দর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তালিকা ও ব্যবস্থাপনা কার্যক্রমে গুরুতর অসঙ্গতি রয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, কাতলাকান্দর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য তালিকায় এমন একজন ব্যক্তির নাম এখনও বহাল রয়েছে, যিনি ২০২১ সালে মৃত্যুবরণ করেছেন। একইভাবে ঘিওন মৎস্যজীবী সমিতির সদস্য তালিকাতেও ২০২৩ সালে মৃত্যুবরণকারী এক ব্যক্তির নাম সদস্য হিসেবে দেখানো হচ্ছে। অভিযোগকারীর দাবি, মৃত ব্যক্তিদের সদস্য হিসেবে বহাল রাখার ঘটনা শুধু প্রশাসনিক অব্যবস্থাপনাই নয়, বরং সমবায় কার্যক্রমের স্বচ্ছতা ও বৈধতা নিয়েও গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

এ ছাড়া একই ব্যক্তি একাধিক মৎস্যজীবী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে সদস্য বা পদাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ করা হয়েছে, যা বাংলাদেশ সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত)-এর পরিপন্থী বলে আবেদনকারী দাবি করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রতি অর্থবছরে বাধ্যতামূলক অডিট সম্পন্ন হওয়ার কথা থাকলেও মৃত সদস্যদের নাম তালিকায় বহাল থাকার ঘটনা অডিট কার্যক্রমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা পর্যায়ের কিছু অসাধু চক্রের সহায়তায় ভুয়া বা প্রশ্নবিদ্ধ সমিতি গঠন ও নিবন্ধন দেওয়ার মাধ্যমে সমবায় ব্যবস্থাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হচ্ছে। ফলে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন এবং সমবায়ের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আবেদনকারী সংশ্লিষ্ট সমিতিগুলোর নিবন্ধন বাতিল, অবৈধ ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত ঘোষণা, নতুন মৎস্যজীবী সমবায় সমিতির নিবন্ধন কার্যক্রম সাময়িক স্থগিত, বিশেষ নিরীক্ষা পরিচালনা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মৃত ব্যক্তির নাম সদস্য তালিকায় থাকা এবং সমিতিগুলোর বিষয়ে নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান হোসেন আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সদস্য তালিকায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে কি না, সে বিষয়ে তাঁর জানা নেই। তবে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতেই নিবন্ধন প্রদান করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যদি কোনো ধরনের জালিয়াতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট সমিতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন হলে সমিতির নিবন্ধন বাতিল করা হবে।

অন্যদিকে, জেলা সমবায় কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা মো. মুকলেসুর রহমান অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এ বিষয়ে সমিতির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রায় দুই মাস আগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। সে সময় জানানো হয়েছিল যে মৃত ব্যক্তিদের নাম সদস্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে যদি তা না হয়ে থাকে এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সমিতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অভিযোগকারী ও স্থানীয় কয়েকজনের দাবি, নিবন্ধন প্রদানের সময় যথাযথ যাচাই-বাছাই করা হলে মৃত ব্যক্তি বা অযোগ্য সদস্যদের নামে সমিতি পরিচালনার সুযোগ থাকার কথা নয়। তাদের অভিযোগ, উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সমবায় কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতি কিংবা যোগসাজশের কারণেই এসব অনিয়ম দীর্ঘদিন ধরে বহাল রয়েছে। এমনকি কেউ কেউ অর্থের বিনিময়ে প্রশ্নবিদ্ধ সমিতির নিবন্ধন দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন। যদিও এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।

স্থানীয়দের মতে, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা, সমিতির দায়িত্বশীল ব্যক্তি এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

আব্দুল আজিজ/রিফাত/