অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাকিব হোসেন স্বাধীন নামে এক কলেজশিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ে সোনিয়া খাতুন এবং মেয়ের জামাই একই উপজেলার মধ্যবড়হর গ্রামের মোন্নাফ প্রামানিক।
নিখোঁজ রাকিব হোসেন স্বাধীন (২৩) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দালাল আবুল কালাম আজাদ কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন স্বাাধীনকে ইতালি পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৫ লাখ টাকা নেয়। এরপর চলতি বছরের ২২ মে স্বাধীন বিমানবন্দন থেকে বাংলাদেশ ত্যাগ করেন। তাকে প্রথমে ভারতের চেন্নাই এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলঙ্কা, মিশর ও সর্বশেষ লিবিয়া নিয়ে যাওয়া হয়। এর মধ্যে স্বাধীন আটক হয়েছে এবং কারাগারে রয়েছে বলে তার পরিবারের কাছ থেকে দুদফায় আরও ১০ লাখ নেয় দালাল আবুল কালাম। এ অবস্থায় চলতি বছরের ১২ নভেম্বর ১২২ জনকে একটি ট্রলারে করে লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পথে ট্রলারে ইতালি পাঠানোর চেষ্টা করেন দালালরা।
স্বজনদের দাবি কিছুদূর যাওয়ার পর ট্রলারটি ডুবে গিয়ে নিখোঁজ হন রাকিব হোসেন স্বাধীন। এ ঘটনার সঙ্গে দালাল আবুল কালাম জড়িত। বিষয়টি জানার পর স্বজনরা শনিবার বিকেলে কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর রাতেই নিখোঁজ স্বাধীনের বাবা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে মোন্নাফ প্রমানিক ও তার স্ত্রী সোনিয়া খাতুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজুল/মেহেদী/