বগুড়া থেকে জামালপুরে বউ নিয়ে ফেরার পথে ঘন কুয়াশায় মাঝ নদীতে বরযাত্রীবাহী নৌকাসহ ৪৭ জন সারা রাত আটকা পড়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে মাদারগঞ্জের উদ্দেশ্যে নৌকাটি ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।
নৌকায় আটকা যাত্রী রাশেদুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুক্রবার সকালে তারা বরযাত্রী হিসেবে নিলয় হাসান সানির (২০) বিয়েতে বগুড়া শহরের সাবগ্রামে যান। নিলয় একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা নৌকাযোগে মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে নৌকা ছাড়ার কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে ঘন কুয়াশার কারণে নৌকাটি পথ হারিয়ে ফেলে। পরে মাঝনদীতে নৌকাটি নোঙর করে রাখা হয়।
তিনি আরও জানান, ঘন কুয়াশা, তীব্র শীত ও বাতাসে শিশুসহ সব বরযাত্রীকে চরম কষ্ট পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। মোবাইল ফোনে যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে উদ্ধারের অনুরোধ জানানো হয়েছে।
বরের আত্মীয় সুয়াইব ইসলাম জিয়ান জানান, নৌকাটিতে প্রায় ১৭ জন নারী ও ৯ জন শিশুসহ আরও পুরুষ যাত্রী রয়েছেন। শিশুদের মধ্যে চারজনের বয়স ১ থেকে দেড় বছর। জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ উদ্ধার কাজে এগিয়ে আসেনি।
নৌকার মাঝি আবুল কাশেম জানান, তারা সারিয়াকান্দি ও মাদারগঞ্জের জামথল ঘাটের মাঝামাঝি কোনো স্থানে অবস্থান করছেন। ঘন কুয়াশার কারণে পথ চিনতে না পারায় মাঝনদীতে নোঙর করে থাকতে হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, এলাকাটি সারিয়াকান্দি থানার অন্তর্গত। বিষয়টি নিয়ে সারিয়াকান্দি থানা ও যমুনার তীরবর্তী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘন কুয়াশার কারণে নৌকার কাছাকাছি পৌঁছানো যাচ্ছে না। নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আসিফ/রিফাত/