মানুষের নেক আমল তার সৌভাগ্যের ওসিলা, পক্ষান্তরে বদ আমল পদস্খলনের ওসিলা বলে মন্তব্য করেছেন আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।
এ সময় তিনি বলেন- ‘আমরা ওসিলা তথা মাধ্যমকে বিশ্বাস করি। সর্বপ্রথম ওসিলা প্রদান করেছেন হযরত আদম (আ.)। তারপর যুগে যুগে বিভিন্ন নবী-রাসূল, সাহাবায়ে কেরাম ও নেককার বান্দাগণ বিভিন্ন সময়ে ওসিলাকে অন্বেষণ করেছেন। মানুষের নেক আমল তার সৌভাগ্যের ওসিলা, পক্ষান্তরে বদ আমল পদস্খলনের ওসিলা। আর উম্মতের নাজাতের ওসিলা প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)। আজকাল আলেম নামধারী একদল লোক ওসিলাকে অস্বীকার করছে, অথচ প্রতিটি কাজ সম্পাদনের ক্ষেত্রে ওসিলা তথা মাধ্যম অন্বেষণ করা আবশ্যক। যারা ওসিলাকে অস্বীকার করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, ব্যক্তির সাজসজ্জা বা চেহারা দেখে অনুসরণ করা যায় না; কাউকে অনুসরণ করতে হলে তার ঈমান, আখলাক, আমল ও আক্বীদা দেখে অনুসরণ করতে হবে।’
পীর আরও বলেন- ‘সঠিক আকীদার সব মাসলাকের অনুসারীগণ যার-যার মত প্রকাশের অবকাশ রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের শাখা-মাসআলার মতভেদ নিয়ে সমাজে বিশৃঙ্খলা, ফেতনা ও ফাসাদ সৃষ্টি করা যাবে না। কিন্তু যারা সরাসরি আল্লাহর হুকুমের ওপর নিজেদের বিভ্রান্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সমাজে নিজেদের প্রণীত হুকুমকে প্রাধান্য দেয়, তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ চলবে না। মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে আমরা দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে চাই, তবে সেটা অবশ্যই ইস্যুভিত্তিক হতে হবে।’
শনিবার (২৭ ডিসেম্বর) বরিশালের আমানতগঞ্জ মাওলানা মির্জা ইয়াছিন মঞ্জিলে ওলিয়ে কামেল হযরত মাওলানা মির্জা ইয়াছিন বেগ (রহ.), ছারছীনার মরহুম পীর বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) ও মরহুম হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ (রহ.) ত্রয়ের বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় একথা বলেন তিনি।
আলহাজ্ব মাওলানা মির্জা কেফায়েতুর রহমান বেগের সভাপতিত্বে উক্ত মাহফিলে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমির ও বরিশালের ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব ও হযরত পীর কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রিফাত/