শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, যার মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। সরকার ২০৩০ সালের মধ্যেই সব ধরনের শিশুশ্রম নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত শিশুশ্রম নির্মূল বিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী এ কর্মশালার আয়োজন করে।
ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, শিশুশ্রমে জড়িয়ে পড়া শিশুরা শিক্ষা ও স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তাদের শারীরিক, মানসিক ও মানবিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং একটি সম্ভাবনাময় প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ কাজসহ সব ধরনের শিশুশ্রম নির্মূলে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, শিশুশ্রম নির্মূলে জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে পরিবীক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে সচেতনতা বাড়াতে নিয়মিত সভা ও কর্মশালা আয়োজনের জন্য প্রতি অর্থবছরে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকা হালনাগাদ করে বর্তমানে ৪৩টি কাজ চিহ্নিত করা হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।
এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. এম. ফকরুল ইসলাম, ইউসেপ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
এনায়েত করিম/এসএন