কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বড় হাবিব পাড়া সংলগ্ন টেকনাফ শাহপরীর দ্বীপ সড়কে সিএনজি তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমনসহ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে চালক সাইফুল ইসলাম (২১)-কে আটক করা হয়।
পরে তার দেখানো মতে অটোরিকশার পেছনের যাত্রী আসনের পেছনের মালামাল রাখার স্থান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে ছিল গাজী পাম্পের ছবি সংযুক্ত একটি পুরাতন লাল-সাদা রঙের কার্টুনের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি নীল রঙের বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট ছিল। উদ্ধার করা ইয়াবার সংখ্যা এক লাখ পিস। এছাড়াও অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকার বাসিন্দা। তার পিতার নাম নাজির হোসেন।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
রবিবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
শাহীন/মাহফুজ