ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দিনাজপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বোম্ব ডিসপোজাল টিম, ১২টি টহল দল এবং সাদা পোশাকে সদস্যদের সমন্বয়ে জেলার সব ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানিয়েছেন র্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর শহরের একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন পরিবেশে সম্পন্ন করতে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে এবং সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি জানান, দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রকে ঘিরে র্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের আওতায় ১২টি টহল দল মোতায়েন থাকবে। এছাড়া একটি প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে অবস্থান করে টহল টিমগুলোর কার্যক্রম তদারকি করবেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, র্যাব-১৩ এর মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত থাকবে। নির্বাচন উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে র্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে। পাশাপাশি প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত অবস্থায় থাকবে, যাতে কোনো ধরনের নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও মো. মনোয়ার হোসেন চৌধুরী।
র্যাবের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।
সুলতান মাহমুদ/অমিয়/