সিলেটে ‘কমল সাহিত্য পরিষদ’-এর আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী শহিদ জিয়া গ্রন্থমেলা। গতকাল রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘শহিদ জিয়া দ্বিতীয় গ্রন্থমেলা-২৬’ শিরোনামে গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সম্পাদক ছড়াকার ইলহাম সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও লেখক সালেহ আহমদ খসরু, লেখক ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি।
মেলার আয়োজকরা জানান, মেলায় সোমবার (আজ) সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি, বুধবার রচনা প্রতিযোগিতা, বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা, শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শনিবার ব্লাড ক্যাম্পেইন, রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল (সোমবার) বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হবে। ১৫ এপ্রিল বিকেল ৪টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পারিবারিকভাবে শহিদ জিয়াউর রহমানকে ‘কমল’ নামে ডাকা হতো। তার নামানুসারেই কমল সাহিত্য পরিষদের নামকরণ করা হয়েছে। এ সংগঠন প্রতিবছর বইমেলার আয়োজন করে আসছে, যা শিক্ষার প্রসার ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে। স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশ গড়ার কাজ করে যাচ্ছেন। দেশের সর্বস্তরের মানুষ সরকারকে সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে।’