ঝিনাইদহে পুলিশ সেজে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন- উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের রুবেল হোসেন মোল্লা (৩২), দুধসর গ্রামের আশিক জোয়ার্দ্দার (২৪), কুলচারা গ্রামের তাসলিমা খাতুন (২১) এবং সোন্দাহ গ্রামের জান্নাতুল ফেরদৌস (২০)।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শৈলকুপা উপজেলার চণ্ডিপুর গ্রামের গোলাপ মোল্লার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। একই সঙ্গে তারা গোপনে মাদক ব্যবসাও চালিয়ে আসছিল।
তাদের কাছ থেকে ‘POLICE’ লেখা জ্যাকেট, এসআই র্যাংক ব্যাজ, পুলিশ মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, ২টি ওয়াকিটকি সেট ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলাকরা হয়েছে।
মাহফুজুর রহমান/রিফাত/