নোয়াখালীর মাইজদীতে তেল ও মসলার মূল্যতালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ মে) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স জননী এন্টারপ্রাইজকে ৪ হাজার, মেসার্স সুজন স্টোরকে ৩ হাজার এবং মেসার্স জাহান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মসলাসহ নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাইয়ে এ অভিযান চালানো হয়। এতে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে মূল্য নির্ধারণ করা, মিথ্যা তথ্য দিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
পরে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।
অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ইকবাল/আমান