ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
আলোচিত না হলেই তদন্ত ও বিচারে ধীরগতি ৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ নিয়মের তোয়াক্কা নেই, সড়কে বেপরোয়া ডিএসসিসির ডাম্পট্রাক চার দিনের সফরে বেইজিং গেছেন তথ্যমন্ত্রী কক্সবাজারে মানবপাচার চক্রের মূলহোতা ছৈয়দুল হক আটক ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা এনসিটিবিসহ চার শিক্ষা বোর্ডে নতুন নেতৃত্ব স্বপ্নে গান শোনা আসলে কীসের ইঙ্গিত? ব্যস্ত সড়কে প্রকাশ্যে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেট ফুয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি ভোলায় মিতু হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ওসিকে তলব বিসিবির সভাপতি তামিম ইকবাল কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ গোয়েন্দারা কেন প্রকাশ্যে আসছেন? শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’ মেট্রো স্টেশনগুলোর নিচে দুরবস্থা জন্মদিনে এল লাকী আখান্দের অপ্রকাশিত গান নূরজাহান ট্র্যাজেডির সমাজতাত্ত্বিক পাঠ
Nagad desktop

তনু হত্যা: আরও একজনের ডিএনএ শনাক্ত, তদন্তে নতুন মোড়

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ১৮ মে ২০২৬, ১২:৩২ পিএম
তনু হত্যা: আরও একজনের ডিএনএ শনাক্ত, তদন্তে নতুন মোড়
সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। তনুর মরদেহ উদ্ধারের সময় জব্দ করা এক টুকরো কাপড়ে রক্তের উপস্থিতি এবং তাতে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। এ নিয়ে তনু হত্যাকাণ্ডের পর জব্দ করা কাপড়-চোপড়ে মোট চারজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেল। এর ফলে মামলায় সন্দেহভাজনের সংখ্যা এখন দাঁড়িয়েছে চারজনে। 

এর আগে, তনুর পোশাকে তিনজন পুরুষের শুক্রাণুর উপস্থিতি শনাক্ত হয়েছিল। সেসব আলামতের বিভিন্ন স্থানে তিনজন ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইলও পেয়েছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মামলাটির তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউস এলাকার কালা ট্যাঙ্কি-সংলগ্ন কালভার্টের পাশের পশ্চিম দিকের ঝোঁপে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ পাওয়া যায়। সে সময় ১১ ধরনের আলামত জব্দ করা হয়। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশে পাঠানো হয়। ১০ বছর পর এসব পরীক্ষার ৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হকের আদালতে দাখিল করেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক (তদন্ত) মো. তরীকুল ইসলাম।

জানা গেছে, পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম ২৩ এপ্রিল প্রতিবেদনটি পান এবং ২৫ এপ্রিল কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতে প্রতিবেদনটি দাখিল করে তা নথিভুক্ত করার আবেদন করেন। এর আগে, ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনায় তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য গণমাধ্যমকে জানিয়েছিল এবং তারা সন্দেহভাজন তিনজনকে ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করার তথ্য দিয়েছিল। কিন্তু সে সময় কারও নাম গণমাধ্যমকে জানানো হয়নি। সেই সঙ্গে সন্দেহভাজন তিন ব্যক্তির ডিএনএ নমুনাও সংগ্রহ করে ম্যাচিং করা হয়নি।

আদালতে তলবের পর তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলামের দাখিল করা আবেদনে লেখা ওই সন্দেহভাজন তিন ব্যক্তি হলেন- কুমিল্লা সেনানিবাসে কর্মরত ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সার্জেন্ট বাগেরহাটের মোড়েলগঞ্জের গড়ঘাটার মৃত নাসির উদ্দিন সরকারের ছেলে মো. জাহিদুজ্জামান (৩৮), স্ট্যাটিক সিগন্যালের ওয়ারেন্ট অফিসার টাঙ্গাইল সদরের হোগড়া গ্রামের হাজী মো. মন্তাজ আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৪২) এবং ২ সিগন্যাল ব্যাটালিয়নের সৈনিক কুমিল্লার বুড়িচংয়ের পীরযাত্রাপুরের গোবিন্দপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. শাহিন আলম (২৭)।

সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলামকে আদালতে তলব করা হয় গত ৬ এপ্রিল। তিনি আদালতে হাজির হয়ে সন্দেহভাজন ওই তিনজনের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার অনুমতি চাইলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক অনুমতি দেন। এরই মধ্যে পিবিআই ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরের ১০৮১ নম্বর বাসা থেকে বর্তমানে অবসরে থাকা ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। গত ২২ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করা হয়, সেই সঙ্গে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম ওই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য পেয়েছেন কি-না, তা জানা যায়নি।

সূত্র আরও জানায়, সন্দেহভাজন বাকি দুইজনের একজন বিদেশে এবং আরেকজন ঢাকা বিমানবন্দর এলাকা থেকে লাপাত্তা রয়েছেন বলে জানা গেছে।

এদিকে নতুন একজন অজ্ঞাতনামা ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়ার পর মামলার তদন্তে নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। নিহত তনুর বাবা ইয়ার হোসেন বরাবরই অভিযোগ করে আসছেন, ‘সেনানিবাসের মতো সুরক্ষিত স্থানে অনেকে তার মেয়ে তনু হত্যায় জড়িত।’

ইয়ার হোসেন খবরের কাগজকে বলেন, ‘আমার মেয়ে হত্যায় সন্দেহভাজন তিনজন ছাড়াও আরও অনেকে জড়িত। আমি ছয়জনের নাম লিখিতভাবে দিয়েছি। তারা সেগুলো আমলে নেয় না। কারণ, এই তালিকায় শীর্ষ সেনাকর্মকর্তারা রয়েছেন।’ 

গত ১০ বছরে এই হত্যা মামলা চারটি তদন্ত সংস্থা ও ছয়জন তদন্ত কর্মকর্তা তদন্ত করেছেন। কিন্তু তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। আদালত তদন্ত কর্মকর্তাকে তলবের পর মামলার তদন্তে গতি আসে এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। আগামী ৮ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে।

সর্বশেষ তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরীকুল ইসলাম ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর তদন্তভার গ্রহণ করেন। তিনি আসামি হাফিজুর রহমান ছাড়া বাকি দুইজন মো. জাহিদুজ্জামান ও শাহিন আলমের দেশ থেকে যাওয়া ও আসার সময় গ্রেপ্তার ও তথ্য প্রদানের জন্য আদালতের অনুমতি চেয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মো. তরীকুল ইসলাম বলেন, ‘নতুন একজন অজ্ঞাতনামা ব্যক্তির ডিএনএ প্রোফাইল পাওয়ায় এখন সন্দেহভাজনের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে। আগের তিনজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। প্রতিবেদন এখনো আসেনি। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

‘এই দুইজন দেশ ছেড়েছেন বলে তথ্য রয়েছে’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা যাচাই করে দেখছি। খোঁজখবর নিচ্ছি এবং গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’ 

নতুন ডিএনএ প্রোফাইলের ব্যক্তির কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

জহির শান্ত/এসজি/

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

রবিবার (৭ জুন) বিকেলে পৃথক পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন রাহেলা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, বোনের বাড়িতে বেড়াতে চুনারুঘাটে এসেছিলেন রিংকু দেবনাথ। বিকেলে তিনি তার ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তারা দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল সরকার/এসএন

শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার গতকাল রবিবার সকালে স্কুল ফটকে এলে কয়েকজন তরুণ তার ওপর হামলা চালায়।ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর মব করে হামলা চালানো হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষকের অভিযোগ, বিদ্যালয়ে প্রবেশকালে কয়েকজন তরুণ তাকে প্রথমে বাঁধা দেন। পরে মারধর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে দেন। এ ঘটনার বেশকিছু ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ওই শিক্ষক শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান সুজিত কর্মকার। চাকরিরত অবস্থায় দুই বছর আগে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। পরে ওই পক্ষটি তার বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা করার অভিযোগ তোলেন। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরের পর বিদ্যালয়ে না গিয়ে তিনি বিভিন্নভাবে ছুটি কাটাচ্ছিলেন।

পুলিশ সূত্র জানায়, রবিবার (৭ জুন) সকালে একটি সিএনজিচালিত অটোরিশায় করে প্রধান শিক্ষক সুজিত কর্মকার বিদ্যালয়ের ফটকে আসেন। এ সময় তিনি অটোরিকশা থেকে নামার পর কয়েকজন তরুণ তাকে টেনেহিঁচড়ে মারধর শুরু করেন। মারধর শেষে কয়েকজন তরুণ তাকে অটোরিকশায় উঠিয়ে দেন। সুজিত কর্মকার প্রথমে চিকিৎসার জন্য ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে নিরাপত্তার অভাববোধ করায় শরীয়তপুর সদর হাসপাতালে যান। সেখানে ভর্তি হন।

এদিকে ঘটনার পর প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক সুজিত কর্মকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন খাতে অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। নাজমুল হক সবুজ নামের এক অভিভাবক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ করে আসছি। অভিযোগ প্রমাণিত হলেও কোনো প্রতিকার পাইনি। তাই আমরা প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ চাই।’

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোছা. ফারহানা বলেন, ‘সুজিত কর্মকার নামের এক ব্যক্তিকে আমরা ভর্তি করেছি। তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়েছে। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে। আমরা চিকিৎসা দিচ্ছি।’

ভুক্তভোগী ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার অভিযোগ করে বলেন, ‘২০২৪ সালে সরকার পতনের পর ডামুড্যার একটি মহল আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন ওই পক্ষটিকে মদদ দিতেন। নিরাপত্তার অভাবে আমি দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারছিলাম না। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানিয়ে রবিবার বিদ্যালয়ে যাই। ওই চক্রের সদস্যরা বিদ্যালয়ের গেটে আমাকে মারধর করেছেন। আমি চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’

অভিযোগের বিষয়ে ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষক সুজিত কর্মকার দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। আজ ইউএনও স্যারের অনুমতি নিয়ে বিদ্যালয়ে এলে অভিভাবকরা তাকে প্রবেশ করতে দেয়নি। আমার সঙ্গে প্রধান শিক্ষকের কোনো বিরোধ নেই। ৫ আগস্টের পর রাজনৈতিক কারণে তাকে আসতে দেয়নি কিছু লোক। তিনি মনে মনে ভেবেছেন আমি লোকজন দিয়ে এগুলো করিয়েছি।’

ডামুড্যা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে এমন ঘটনা শুনেছি। ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেননি। আজ উনি এলে কিছু অভিভাবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। যেহেতু বিদ্যালয়ের সবকিছু দেখভাল করেন ইউএনও, হয়তো ওই শিক্ষক ইউএনওকে বিষয়টি অবগত করেছেন। তবে ওই শিক্ষক এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বিষয়টি নিয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আইয়ূবী বলেন, ‘ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার আমাকে মুঠোফোনে জানিয়েছেন তিনি বিদ্যালয় ফটকে মব সন্ত্রাসের শিকার হয়েছেন। আমি তাৎক্ষণিক বিষয়টি ওসিকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিধান মজুমদার/রিফাত/

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫০ পিএম
চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল গেইট এলাকায় অ্যাম্বুলেন্স চালকদের সাথে এনসিপি কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকালে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, হামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আশিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব আসিফ চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আক্রান্ত হন। 

এনসিপি নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে চলে আসা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য ও রোগী হয়রানির প্রতিবাদে ৭ জুন বিকেলে চমেক হাসপাতালের পূর্ব গেইটে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। জনস্বার্থে আয়োজিত এই শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে সিন্ডিকেটের চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। রবিবার সকালে নোয়াখালীগামী রোগীর জন্য ১২ হাজার টাকা ভাড়া দাবি করা হলে তারা এর প্রতিবাদ জানান। এ সময় অ্যাম্বুলেন্স শ্রমিক ও মালিক সমিতির লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একইভাবে এর আগে ফেনীর জন্য ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার পরিবর্তে ৯ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিকাল চারটায় চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। তবে সংবাদ সম্মেলন শুরুর আগেই তাদের ওপর হামলা চালানো অভিযোগ করে দলটি। 

সংবাদ সম্মেলনে হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মইনুদ্দিন বলেন, চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের প্রভাব চলতে পারে না। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

দলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু বলেন, জনগণের অধিকার ও মর্যাদার প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না। স্বাস্থ্যখাতকে সকল প্রকার সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। অসুস্থ মানুষের দুর্দশাকে পুঁজি করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় এই হামলা আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম পরিপন্থী। এনসিপি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চমেককে সম্পূর্ণ দালাল ও সিন্ডিকেটমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জানতে চাইলে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ বলেন, কেউ বেশি ভাড়া নিয়ে থাকলে প্রশাসনে অভিযোগ করতে পারে। এনসিপি নেতা কেন ব্যক্তিগতভাবে দেখা করতে চায়। তিনি বলেন, ৫ আগস্ট কারো বাপের না। ৫ আগস্টের দোহাই এখন আর চলবে না। একবার সুযোগ নেওয়া হয়েছে, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। আগস্টের প্রভাব খাটিয়ে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হতে চাইলে তা আমরা করতে দেব না।

এসএন/

গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: খবরের কাগজ

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রবিবার (৭ জুন) নগরের টাইগারপাসস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। এটি একটি দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ। দেশের প্রতিটি নাগরিক যদি বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসে, তাহলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

এ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চসিকের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নগরীতে ১০ লাখ গাছ রোপণ করা হচ্ছে। নগরীর কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সব মিড-আইল্যান্ডে ফুল ও সবুজে ভরিয়ে তোলা হবে। সড়কের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। ইতোমধ্যে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং মধ্যবর্তী সড়কদ্বীপে ২৬ প্রজাতির ৬৫০০ চারা লাগানো হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ, শিউলিসহ প্রায় ১০ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় জাতের গাছ। প্রতিদিন পানি দেওয়া, আগাছা পরিষ্কারসহ এসব গাছের রক্ষণাবেক্ষণেরও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনা মহামারির সময় মানুষ অক্সিজেনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করেছে। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে সুস্থ রাখে। তাই পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, ওষুধ দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা গাছ থেকে শুধু নিতে জানি, গাছের পরিচর্যা করতে চাই না। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।’

কর্ণফুলী ও হালদা নদীসহ নগরীর খাল ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব বর্জ্য শেষ পর্যন্ত খাল-নদীতে গিয়ে জমা হয় এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

রিফাত/

চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:২১ পিএম
চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এলিয়া হয়ে দেওয়ান বাজার পর্যন্ত এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রবিবার (৭ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আন্দরকিল্লা মোড় থেকে সাব-এলিয়া হয়ে দেওয়ান বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে বসা প্রায় ১৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত স্থান দখলমুক্ত করা হয়।

এ সময় ফুটপাত ও সড়কে দোকানের মালামাল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরের বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের চলাচলের স্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিফাত/