ময়মনসিংহে চালু হলো ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে নগরের চরপাড়া মোড় এলাকার ‘মিনসা টাওয়ারে’ সেন্টারটি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সনজিত নায়েক। মেডিকেল ট্যুরিজম কোম্পানি মাহনাফ মেডি’র তত্ত্বাবধানে এ ইনফরমেশন সেন্টারটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, ময়মনসিংহে এমন একটি প্রতিষ্ঠান চালু করার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষে ধন্যবাদ জানাই। এ প্রতিষ্ঠানটি ময়মনসিংহের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার পথ সহজ করে দেবে। আমি আশা কারব প্রতিষ্ঠানটি সেবার মনোভাব নিয়ে কাজ করবে।
অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধনের আগে মঙ্গলবার বিকেলে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে সাংবাদিকদের সামনে ইনফরমেশন সেন্টার চালুর উদ্দেশ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর ইউসুফ।
তিনি জানান, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলো থেকে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা করতে ভারতে যায় রোগীরা। তারা অনেক সময় সঠিক তথ্য, অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ডকুমেন্টেশন, ভিসা প্রসেস ও হাসপাতাল সমন্বয়ের ক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হন। এ ক্ষেত্রে ভারতে যাওয়া রোগীদের উন্নত চিকিৎসা তথ্য, গাইডেন্স এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে আমরা অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার চালু করেছি। আমরা আশা করছি, এ ইনফরমেশন সেন্টার চালু করায় ময়মনসিংহ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার পথ সহজলভ্য হবে। স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা এবং রোগীদের সেবাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে আমরা স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং চিকিৎসকদের জন্য সিএমই প্রোগ্রাম আয়োজন করব। এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সমন্বয়, মেডিকেল রিপোর্ট ও সেকেন্ড ওপিনিয়ন সহায়তা, মেডিকেল ভিসা ইনভাইটেশন গাইডেন্স, হাসপাতালে ভর্তি, ট্রাভেল কো-অর্ডিনেশন এবং চিকিৎসার আগে ও পরে রিপোর্ট সাপোর্ট দেওয়া হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের চিকিৎসক, ব্যবাসয়ীসসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/নাঈম