ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে বৃষ্টিস্নাত সকালে নিবিঘ্নে ও স্বস্তিতে ঈদের ছুটির প্রথম দিনে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষ নিজ নিজ ঠিকানায় ছুটছেন।
সোমবার (২৫ মে) সকাল থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ওই মহাসড়কটিতে ঈদ যাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেড়েছে। তবে আধুনিক এই মহাসড়কে নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। এতে বরাবরের মতোই স্বস্তিতে গন্তব্যে যাচ্ছে দক্ষিণের যাত্রীরা।
ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে রবিবার রাত থেকেই নাড়ির টানে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এ কারণে দক্ষিণের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রবিবার সকাল থেকে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে।
বরাবরের মতো এবারের ঈদ যাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত ছোট যান ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে।
পদ্মা সেতুতে পারাপার দ্রুত ও নিবিঘ্ন করতে ৮টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা দুইটি অতিরিক্ত লেন সংযুক্ত করা হয়েছে। এতে চালু রয়েছে ইটিসি লেন।
মঈনউদ্দীন/আমান