ফরিদপুরের সালথায় লিচু বাগানের মালিক আজিজুল হক হত্যা মামলায় সোনাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রাজু মুন্সীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রবিবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু মুন্সী উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘ঈদের পর অফিস খুললে ডিডিকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে। প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।’
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘লিচু বাগানের মালিক আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মুন্সী। রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুলের লিচু বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তার সহযোগীরা। মাদক সেবন ছাড়াও তারা বাগান থেকে লিচু চুরি করতেন।
গত ১৩ মে বিকেলে তাদের মাদক সেবন ও লিচু চুরিতে বাধা দেন বাগান মালিক আজিজুলের ছেলে আকরাম মোল্লা। এতে ক্ষুব্ধ হয়ে আকরামকে মারধর করেন সাকিল ও তার সহযোগীরা। এর জের ধরে আজিজুলের ওপর হামলা চালায় সাকিল ও তার সহযোগীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. ফজলুল হক মোল্লা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সীকে আসামি করা হয়।
নয়ন/সালমান/