ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির পরভো শহরে এক দিন চন্দনাইশে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাসুল (সা.) এর খাদ্য তালিকায় কেন দুধ ছিল সেরা নওগাঁ সীমান্তে ১৭ ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিল ছাত্রদল রংপুরে মাদকমুক্ত সামজ গঠনে শিক্ষার্থীদের শপথ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল মহেশখালীতে হিটস্ট্রোকে জেলের মৃত্যু কিমের আমন্ত্রণে উ. কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: ইসরায়েলের হাতে বিকল্প কী লতাপাতায় ঢাকা ২ কোটি টাকার সেতু, পাঁচ বছরেও শেষ হয়নি প্রকল্প গরমে কমেছে কাজের গতি নিজেই নিজেকে গড়ছে এআই, শঙ্কা অ্যানথ্রোপিকের বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সম্মত খরা, বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকিতে ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া দিনাজপুরের: সুই-সুতো আর কি-বোর্ডে নির্যাতিত নারীদের নতুন স্বপ্ন পুতিনকে আলোচনায় বসতে জেলেনস্কির খোলাচিঠি রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহে হাঁসফাঁস দিল্লিতে ‘ককরোচ জনতাপার্টির’ বিক্ষোভ আজ ইসলামী ব্যাংকের কারণেই আরেকটি ৫ আগস্ট ঘটে যেতে পারে বায়ুদূষণে বদলে যাচ্ছে ভ্রূণের জিন জলাবদ্ধতা ও দুর্গন্ধে নাকাল ঘিওর বাজার ছায়ানটে শুরু হলো দুই দিনের নজরুল উৎসব রাজধানীবাসীকে ফেরাতে সিটি বাসও গেছে ঢাকার বাইরে ৬ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৬ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
Nagad desktop

সিলেটে নারী পর্যটককে উত্ত্যক্ত: এলাকাবাসী বিচার করে ছেড়ে দিলেও অভিযুক্তদের খুঁজে পাচ্ছে না পুলিশ!

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০২:০২ পিএম
সিলেটে নারী পর্যটককে উত্ত্যক্ত: এলাকাবাসী বিচার করে ছেড়ে দিলেও অভিযুক্তদের খুঁজে পাচ্ছে না পুলিশ!
ছবি: খবরের কাগজ

সিলেট নগরীর গোয়াবাড়ি এলাকায় এক নারী পর্যটককে উত্ত্যক্তের ঘটনায় জেলাজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত কিশোরদের ধরে এনে প্রকাশ্যে কানধরে উঠবস করিয়ে বিচার করে ছেড়ে দেয়। তবে পুলিশ এখনো অভিযুক্তদের খুঁজে পায়নি। অভিযুক্তদের মাফ চাওয়া ও কানধরে উঠবসের ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

শনিবার (৩০ মে) গোয়াবাড়ি এলাকার আলী বাহার চা-বাগান এলাকায় নারী পর্যটককে উত্ত্যক্তের ঘটনা ঘটে। 

এদিকে ঘটনাটি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ বলে মন্তব্য করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের যে অবিশ্বাস তৈরি হয়েছিল সেটা এখনো চলমান আছে। তাই এখনো মানুষজন অপরাধীদের ধরে নিয়ে পুলিশে না দিয়ে নিজেরা বিচার করে। 

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশফিকা তাহসিন নামে এক তরুণী সিলেটের গোয়াবাড়ি এলাকায় ইভ টিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন। তিনি হেনস্তা হওয়ার এই ঘটনা তার ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইভ করেছেন।

ভিডিওতে দেখা যায়, এই নারী পর্যটক চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন। এ সময় কয়েকজন কিশোর ও তরুণ তাকে অনুসরণ করতে থাকে। ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে। ভিডিও চলাকালীন দেখা যায়, নারী পর্যটক একসময় বলছেন, ‘তোমরা মেয়ে দেখো নাই?’ এই প্রশ্নের জবাবে উত্ত্যক্তকারী তরুণীদের অশোভনভাবে হাসতে দেখা যায়। এসময় একজন তরুণ ওই নারীর মোবাইল ক্যামেরার সামনে এসে পোজ দিতে ও আরেকজনকে সিগারেট টানতে টানতে উত্ত্যক্ত করতে দেখা যায়।

উত্ত্যক্তের শিকার নারী পর্যটকের দাবি, তিনি ওই তরুণদের বুঝিয়ে বলার চেষ্টা করলেও অভিযুক্তরা সেখান থেকে সরে যায়নি। বরং তার পেছন পেছন আসতে থাকে। তিনি আরও অভিযোগ করেন, আশপাশে থাকা লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ বা সহযোগিতার জন্য এগিয়ে আসেননি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই পর্যটন এলাকায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। 

তবে প্রশাসনিকভাবে কেউ কোনো উদ্যোগ নিতে না পারলেও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজ খান সজিবের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী শনিবার রাতেই ওই কিশোরদের আটক করে। এ সময় সালিশ করে অভিযুক্ত কিশোরদের মারধর, কানধরে উঠবস ও লাইভে ওই নারী পর্যটকের কাছে ক্ষমা চাইয়ে তাদের বিচার প্রক্রিয়া শেষ করা হয়।  

ওই সালিশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজ খান সজিব। তিনি খবরের কাগজকে বলেন, ‘ভিডিও দেখে এলাকার মানুষজন তিন কিশোরকে ধরে এনেছিল। তাদের বয়স ১২-১৩ বছর হবে। ওই কিশোরদের বাড়ি টুকেরবাজার ইউনিয়নের গোয়াবাড়ি, জাহাঙ্গীর নগর, উপর পাড়া এলাকায়। এলাকাবাসী তাদের মারধর করে। ওই কিশোররা উত্ত্যক্তের ঘটনায় ক্ষমা চায় ও কানধরে উঠবস করে। তাদের অভিভাবকরাও ক্ষমা চায়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশকে না জানিয়ে সালিশে বিচার করে ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে- এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উত্ত্যক্তের শিকার নারী মামলা করলে তিন কিশোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে তাদের স্থানীয় ইউপি সদস্য সৈয়দ কাওছার আহমদ ও তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।’

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম খবরের কাগজকে বলেন, ‘আমরা শুনেছি এলাকাবাসী তাদের ধরেছিল। তারা নিজেরা কানধরে উঠবস করিয়ে ওই ছেলেদের ছেড়ে দিয়েছে। কিন্তু তারা অভিযুক্তদের পুলিশের কাছে দেয়নি। তাদের আটক করতে গতকাল রাতেও পুলিশ অভিযান চালিয়েছে। তাদের ধরতে পুলিশ এখনো তৎপর আছে। তাদের পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি সৈয়দা শিরিন আক্তার খবরের কাগজকে বলেন, ‘এখন আর আইনের শাসনের প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। তাই মানুষজন আইন হাতে তুলে নিচ্ছে। নারী পর্যটককে ইভ টিজিং করে তার সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার প্রভাব সিলেটের পর্যটন খাতে পড়বে। পাশাপাশি সিলেটে নারীরা নিরাপদ নয় বলে দেশবাসীর কাছে উপস্থাপন হবে।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ওই নারীর পাশাপাশি অভিযুক্ত কিশোরদের সঙ্গেও অন্যায় হয়েছে। তাদের যেভাবে প্রকাশ্যে লাইভে কানধরে উঠবস করিয়ে বিচার করা হলো এটা অন্যায়। কারণ শিশু কিশোরদের জন্য বিচারব্যবস্থা আলাদা। এসব ঘটনায় অভিযুক্তদের কাউন্সিলিং করতে হয়। তা না হলে অভিযুক্তরা আরও বিপদজনক কাজে জড়িয়ে পড়তে পারে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- এত কিছু ঘটে গেল, ফেসবুক লাইভে দেখানোও হলো, কিন্তু পুলিশ কাউকে খুঁজে পেল না। এই ঘটনাসহ সম্প্রতি ঘটে যাওয়া আরও বেশ কয়েকটি ঘটনা প্রমাণ করে সিলেটে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।’

এসজি/

লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:১৬ এএম
লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৫ জুন) ভোরে জেলার তিনটি পৃথক সীমান্ত পয়েন্টে মোট ৩৩ জন সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন।

সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং কৌশলগত অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। ফলে দিনভর তারা শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার (৫ জুন) রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ বুড়া সারডুবি সীমান্তের ৮৮৬ নম্বর মেইন পিলার এলাকায় অবস্থান করা ১১ জনকে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্প সদস্যরা তারকাঁটার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

একই রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১২ জনকে বিএসএফ লাইট বন্ধ করে ভারতে সরিয়ে নেয়।

শনিবার (৬ জুন) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী বিওপির  ৮৪৬/১-এস মেইন পিলার এলাকায় অবস্থান করা বাকি ১০ জনকেও সরিয়ে নেয় বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে ওই ব্যক্তিদের পিকআপভ্যানে করে নিয়ে যায়।

এ বিষয়ে ১৫ বিজিবির মিডিয়া সেল জানায়, সীমান্তে পুশইনের জন্য আনা সবাইকে ভারতীয় কর্তৃপক্ষ নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। বর্তমানে তিনটি সীমান্ত পয়েন্টেই পরিস্থিতি স্বাভাবিক। তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে রংপুর সেক্টর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা ও ফেন্সিং গেট ব্যবহার করে বাংলাদেশে লোকজন প্রবেশ করানোর চেষ্টা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি।

রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, পিবিজিএম, বিজিওএম, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।

তামান্না রুপা/

নওগাঁ সীমান্তে ১৭ ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১৪ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:৩৫ এএম
নওগাঁ সীমান্তে ১৭ ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ
ছবি: খবরের কাগজ

নওগাঁর হাঁপানিয়া সীমান্তের শূন্যরেখা থেকে লাইট বন্ধ করে ১৭ ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত নওগাঁর হাঁপানিয়া সীমান্ত এলাকার কলমুডাঙ্গা পয়েন্টে নারী-শিশুসহ ১৭ জনকে বসে থাকতে দেখা গেলেও সকালে সেখানে কাউকে দেখা যায়নি।

নওগাঁ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শুক্রবার (৫ জুন) রাতে হঠাৎই সীমান্ত লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এর পর বিজিবি টহল দল সেখানে গেলে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের আর দেখতে পাননি। ধারণা করা হচ্ছে অন্ধকারের মধ্যেই বিএসএফ তাদের সরিয়ে নিয়েছে।

কড়া হুঁশিয়ারি দিয়ে কর্নেল মহম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সাম্প্রতিক পুশইন, চোরাচালান কিংবা চলমান যেকোনো উত্তেজনা ঠেকাতে তৎপর আছে বিজিবি। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

স্থানীয় কলমুডাঙ্গা গ্রামের কৃষক হোসেন মোহাম্মদ জানান, গতকাল  (৫ জুন) সারাদিনই পুশইন চেষ্টার শিকার নারী-শিশুসহ ১৭ জনকে শূন্যলাইনে বসে থাকতে দেখেছেন তিনি। শনিবার (৬ জুন) সকালে যখন ধান কাটার কাজে ওই এলাকায় যান তিনি, তখন আর তাদের দেখতে পাননি। পাশাপাশি বিজিবি কিংবা বিএসএফের ও কেউ ছিল না। তিনি নিশ্চিত করে বলতে পারেননি; ওই ১৭ জন ভারতে চলে গেছেন নাকি বাংলাদেশের ঢুকেছেন।

প্রসঙ্গত, নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের আওতায় কলমুডাঙ্গা সীমান্তে ৬ জন পুরুষ ৬ জন নারী ও ৫ জন শিশুকে একযোগে পুশইনের চেষ্টা করে বিএসএফ। যা বর্ডার গার্ড বাংলাদেশের বাঁধায় সম্ভব হয়নি।

হারুন চৌধুরী/খাদিজা রুমি/

গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১০ এএম
গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
অভিযুক্ত দাইয়ান শহীদ দীপ সরকার ও সোহানুর রহমান শান্ত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার দাইয়ান শহীদ দীপ সরকার (২১) ও গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার সোহানুর রহমান শান্ত (২১)।

শুক্রবার (৫ জুন) ভোরে উপজেলার বড়দহ ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে পাঠায় পুলিশ।

দীর্ঘদিন ধরে সমাজসেবা অধিদপ্তরের অফিসার পরিচয়ে প্রতিবন্ধী ভাতা, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শিবলী কায়েছ মীর খবরের কাগজকে জানান, গত বছরের একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। এ সময় তাদের কাছে দুইটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খবরের কাগজকে বলেন,  দীর্ঘদিন ধরে তারা গাইবান্ধার বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে সহজেই মানুষের আস্থা অর্জন করতেন। তারা নিজেদের সমাজসেবা অফিসার পরিচয়ে গ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা ও এনআইডির ছবি তুলে প্রতারণা করে আসছিলেন। আগের একটা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।

মিলন খন্দকার/ গাইবান্ধা

মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:১৭ এএম
মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিল ছাত্রদল
থানার সামনে একত্রিত ছাত্রদল সদস্যরা। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর মাইজদী থেকে ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাং বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। 

এ অবস্থায় বিভিন্ন অপকর্মে জড়িত ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান খবরের কাগজকে বলেন, 'কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি।'

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল খবরের কাগজকে বলেন, কিশোর গ্যাংয়ের আদলে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে। জেলায় একাধিক কিশোর গ্যাং রয়েছে। আমরা চাই যথাযথ নিয়মে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম খবরের কাগজকে বলেন, কিশোর গ্যাংয়ের ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন/থিও

রংপুরে মাদকমুক্ত সামজ গঠনে শিক্ষার্থীদের শপথ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:০২ এএম
রংপুরে মাদকমুক্ত সামজ গঠনে শিক্ষার্থীদের শপথ
ছবি: খবরের কাগজ

রংপুরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শতাধিক শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে।

শুক্রবার (৫ জুন) বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর বাংলাদেশ’ আয়োজিত মাদকবিরোধী প্রচারণা ও কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের এক পর্যায়ে মাদক সেবন না করার শপথ গ্রহণ করেন শিক্ষার্থী ও আয়োজকরা।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা মাদককে না বলার পাশাপাশি নিজ পরিবার ও সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার অঙ্গীকার করেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা।

এর আগে সংগঠনটি উপজেলার সব কলেজে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি কয়েক হাজার শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ পাঠ করান।

সংগঠনটি ১২ বছর ধরে বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছে আগামীর বাংলাদেশ এর অঙ্গ সংগঠন অণ্বেষণ প্লাস ফ্রি বিশ্ববিদ্যালয় প্রস্তুতি প্রোগ্রামের মাধ্যমে।বিনামূল্যে শিক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নার্সিং ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭৪ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়েছে। 

একাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের বই, নগদ আর্থিক অনুদানের ব্যবস্থা করে থাকে সংগঠটি। পাশাপাশি মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকে। আগামীতে বদরগঞ্জের বাড়ি বাড়ি এই আলো ছড়িয়ে দিতে চায় এই সংগঠন।

অনুষ্ঠানে আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আগামীর বাংলাদেশের সভাপতি মো. সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, আগামীর বাংলাদেশের স্থায়ী পরিষদ সদস্য সানোয়ার খান, ডা. মো আরিফুর রহমান, এখন টেলিভিশনের রংপুর ব্যুরো ইনচার্জ মোকাররম হোসাইন, অ্যাডভোকেট সাব্বির হোসেন, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, ঢাবি শিক্ষার্থী লুত হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আরিফ হাসান, সাজ্জাদ হোসাইন সাজু, বেরোবির আব্দুর রহমান প্রমুখ।
 
এ সময় আগামীর বাংলাদেশ-এর স্থায়ী পরিষদ সদস্য ডা. মো. আরিফুর রহমানকে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) মেডিকেল অফিসার হিসেবে যোগদান করায় সংবর্ধনা দেওয়া হয়।

পরে কুইজ প্রতিযোগিতায় কুতুবপুর ডিগ্রি কলেজের ফাহিম হোসেন প্রথম, লালদীঘি পীরপাল কলেজের ফাল্গুনী আক্তার দ্বিতীয় ও বদরগঞ্জ সরকারি কলেজের মারুফ হোসেন তৃতীয় স্থান অধিকার করে।

এ সময় এখন টেলিভিশনের রংপুর ব্যুরো ইনচার্জ মোকাররম হোসাইন বলেন, উপজেলার কোনো শিক্ষার্থী বিপদে পড়লে এই সংগঠন সমাধানের চেষ্টা করে। এই ধারাবাহিকতায় ১২ বছর চলছে সংগঠনটি। আগামীতে উপজেলাকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে কিছু যুবক। পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আগামীর বাংলাদেশ-এর সভাপতি সেলিম সরকার বলেন, সংগঠনটির মাধ্যমে দীর্ঘ কয়েক বছর ধরে উপজেলার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার  পাশাপাশি বিভিন্ন সময় শিক্ষাবৃত্তি, ভর্তি সহযোগিতা,এবং উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার  লক্ষ্যে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, এরকম একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিবছর কয়েক শ শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনা করান এটি  বাংলাদেশে প্রশংসনীয় উদ্যোগ। যারা শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশুনা করান আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তির খরচ পর্যন্ত সরবরাহ করেন।এই আগামীর বাংলাদেশ শুধু বদরগঞ্জে না অন্যান্য উপজেলাতেও যেন এমন বার্তা পৌঁছে দিতে পারে। এই সংগঠনের মাধ্যমে পুরো উপজেলা শিক্ষার্থীরা যাতে সুযোগ-সুবিধা পেতে পারে। এমন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর পাশে বিত্তবানদের দাঁড়ানোর পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

সেলিম সরকার/তামান্না রুপা/